দীর্ঘ পাঁচ বছর একসঙ্গে থাকার (একত্রবাস) পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। এর মধ্যেই শুরু হয়ে গেছে বিবাহপূর্ববর্তী নানা অনুষ্ঠান।
সামাজিক যোগাযোগমাধ্যমে পুলের ধারে সারি সারি গ্লাস আর নৈশভোজের আলো আঁধারি ছবি দিয়ে সেই ইঙ্গিতই দিচ্ছেন তারা। তবে রাজকীয় এই বিয়ের আগে তুমুল চর্চায় উঠে এসেছে হবু পুত্রবধূ রাশমিকার প্রতি বিজয়ের মায়ের দেওয়া দুটি বিশেষ শর্ত।
২০১৮ সালে বিজয়-রাশমিকা জুটির প্রথম সিনেমা ‘গীত গোবিন্দম’ মুক্তি পায়। বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে সিনেমাটি। সে সময় এক সাক্ষাৎকারে বিজয়ের মা মাধবী দেবরকোন্ডাকে প্রশ্ন করা হয়েছিল— হবু পুত্রবধূর মধ্যে তিনি কোন কোন গুণ দেখতে চান? উত্তরে তিনি মাত্র দুটি শর্তের কথা জানিয়েছিলেন। প্রথমত, পুত্রবধূকে তার ছেলের খেয়াল রাখতে হবে এবং নিঃশর্ত ভালোবাসায় ভরিয়ে রাখতে হবে। দ্বিতীয়ত, পাত্রী দক্ষিণ ভারতীয় হলে বেশি ভালো হয়।
অনুরাগীদের মতে, বিজয়ের মায়ের সেই দুটি ইচ্ছাই ষোলো আনা পূরণ হতে চলেছে। কারণ, উদয়পুরে রাজকীয় আয়োজন হলেও বিয়েতে থাকছে পুরোপুরি দক্ষিণ ভারতীয় ছোঁয়া।
জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানানো হবে ডাবের পানি দিয়ে, আর সেটি দিয়েই হবে শুদ্ধিকরণ। খাবারের মেনুর প্রতিটি পদই হবে দক্ষিণ ভারতীয় এবং ঐতিহ্যবাহী কলাপাতায় খাবার পরিবেশন করা হবে।
সব মিলিয়ে এই জমকালো আয়োজনের দিকেই এখন তীক্ষ্ণ নজর ভক্তদের। প্রিয় তারকা জুটির বিয়ের পরের প্রথম যুগল ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন তারা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন