ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রকাশ্যে ক্ষমা চাইলেন হাসিনা সরকার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৪:৩৩ পিএম
বাউল শিল্পী হাসিনা সরকার। ছবি : সংগৃহীত

বাউল শিল্পীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বাউল শিল্পী হাসিনা সরকার। সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য ছড়িয়ে পড়তেই ভিডিও বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

এর আগে তিনি অভিযোগ করেছিলেন―নারী বাউলশিল্পীরা কুপ্রস্তাবের শিকার হয়ে থাকেন। কেউ বিছানায় না গেলে অনেক সময় অনুষ্ঠানও পাওয়া যায় না। তার ওই মন্তব্য ঘিরে বাউল অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

হাসিনা সরকার বলেন, সকল বাউল শিল্পীর কাছে আমি ক্ষমা চাইছি। সবাই যেন আমাকে আগের মতো আগলে রাখেন, সেই প্রত্যাশা করছি।

ভিডিও বার্তায় তিনি বলেন, তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। তিনি জানান, মিরপুরে কিছু লোক এসে তার একটি অফিস বন্ধ করে দেয়। এমনকি ‘হাসিনা সরকার’ নাম হওয়ায় বিভিন্ন মঞ্চ থেকে তাকে নামিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, অনেক জায়গায় বলা হয়েছে, হাসিনা সরকার নামে কোনো শিল্পী গান গাইতে পারবে না। শিল্পীদের ক্লাব থেকে আমাকে গানের অফার দেওয়া হলেও পরে সেই সুযোগ অন্য শিল্পীদের দিয়ে দেওয়া হয়েছে। এসব কারণে আমি কষ্ট পেয়েছিলাম।

হাসিনা সরকার বলেন, ক্ষোভ ও হতাশা থেকেই তিনি আগের মন্তব্য করেছিলেন। তার ভাষায়, রাগের মাথায় বলেছিলাম, যার সঙ্গে যার লিঙ্ক থাকে, তাদের অনুষ্ঠান দেওয়া হয়। আমার সঙ্গে কারও সম্পর্ক না থাকায় আমাকে ডাকা হয় না। এটা বলা আমার ভুল হয়েছে।

ভিডিও বার্তায় তিনি আরও উল্লেখ করেন, কিছু অদক্ষ শিল্পী অনুষ্ঠান পেলেও প্রকৃত বাউল শিল্পীরা অনেক সময় অবহেলিত হন। তবে তার বক্তব্যে বাউল অঙ্গনের কেউ কষ্ট পেয়ে থাকলে সবার কাছে প্রকাশ্যে ক্ষমা চান তিনি।