ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ষাটে পা দিলেন সালমান, বয়স যেন একটি সংখ্যা

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ১২:৫৩ পিএম
সালমান খান । ছবি : সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খান আজ শনিবার (২৭ ডিসেম্বর) ৬০ বছরে পা রেখেছেন। বয়স কেবলই একটি সংখ্যাএটি প্রমাণ করে আসছেন ভাইজান, যিনি প্রতিদিনই জনপ্রিয়তার শীর্ষে নিজেকে ধরে রেখেছেন।

প্রতিবছর পরিবার, ঘনিষ্ঠ বন্ধু ও শুভানুধ্যায়ীর সঙ্গে ব্যক্তিগতভাবে জন্মদিন উদযাপন করেন সালমান। তবে সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা ও গোপনীয়তার কারণে আয়োজনগুলোতে বাড়তি সতর্কতা নেওয়া হয়ে থাকে। এবারের জন্মদিনও ব্যতিক্রম নয়।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এবারের উদযাপন পানভেলের ফার্মহাউসে সীমিত পরিসরে হবে। কেবল ঘনিষ্ঠজন উপস্থিত থাকবেন। দীর্ঘদিনের বন্ধুবান্ধব, পরিচালক ও প্রযোজক যারা সালমানের সঙ্গে কাজ করেছেন, তারাই মূল অতিথি তালিকায় রয়েছেন।

এই বিশেষ দিনে সালমানের চলচ্চিত্রজীবনকে কেন্দ্র করে একটি ভিডিও প্রর্দশন করা হবে। এতে বিভিন্ন নির্মাতা ও সহঅভিনেতারা তাদের অভিজ্ঞতা, শুভেচ্ছা ও আগামীর প্রত্যাশা শেয়ার করবেন।

এ ছাড়া কেক কাটা, ঘরোয়া আড্ডা এবং সীমিত অনুষ্ঠানের আয়োজন থাকবে। পাপারাজ্জিদের ক্যামেরাবন্দিও কিছুটা অনুমোদিত থাকবে।

তিন খানের মধ্যে সালমান খান ষাটে পা রাখা শেষ অভিনেতা। চলতি বছরের মার্চে আমির খান এবং নভেম্বরে শাহরুখ খান ষাটে পা রেখেছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন সালমান খান। রাত পোহালেই বলিউড মাতাবে ভাইজানের জন্মদিনের আনন্দে।