ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘ধুরন্ধর-২’ কাঁপানোর পর নতুন রূপে ‘মহাকালী’তে অক্ষয় খান্না

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ১২:১২ পিএম
নতুন রূপে ‘মহাকালী’তে অক্ষয় খান্না। ছবি : সংগৃহীত

বলিউডে সাম্প্রতিক সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন এক মিশনে নেমেছেন অভিনেতা অক্ষয় খান্না। এবার তাকে দেখা যাবে দক্ষিণি সিনেমার পর্দায়। পৌরাণিক পটভূমিতে নির্মিতব্য ‘মহাকালী’ সিনেমার মাধ্যমে তেলুগু চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে তার। এই বিগ বাজেটের প্রজেক্টে তিনি ‘শুক্রাচার্য’ নামক একটি গুরুত্বপূর্ণ পৌরাণিক চরিত্রে অভিনয় করছেন।

গত ২৮ মার্চ ছিল অক্ষয় খান্নার জন্মদিন। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে সিনেমার পরিচালক প্রশান্ত বর্মা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ‘বিহাইন্ড-দ্য-সিনস’ ভিডিও প্রকাশ করেন। সেখানে অক্ষয়কে সম্পূর্ণ ভিন্ন ও রহস্যময় লুকে দেখা গেছে, যা দেখে মুগ্ধ হয়েছেন তার অনুরাগী ও দর্শকরা।

অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পরিচালক প্রশান্ত বর্মা বলেন, ‘অক্ষয় এমন একজন বিরল প্রতিভাধর অভিনেতা, যার শক্তিশালী অভিনয়ের জন্য অনেক সময় সংলাপেরও প্রয়োজন হয় না।’ তার মতো দক্ষ শিল্পীর সঙ্গে কাজ করতে পারা সম্মানের বিষয় বলেও উল্লেখ করেন এই নির্মাতা।

পূজা অপর্ণা কল্লুরু পরিচালিত ‘মহাকালী’ সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন ভূমি শেঠি। নির্মাতাদের দাবি, এই চলচ্চিত্রের মাধ্যমেই দর্শক ভারতীয় সিনেমার প্রথম নারী সুপার হিরোর দেখা পাবেন। এখানে অক্ষয় খান্নার চরিত্রটি ‘চিরন্তন অসুর গুরু’ হিসেবে চিত্রায়িত করা হয়েছে, যা গল্পের মোড় ঘুরিয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।

তেলুগু অভিষেক ছাড়াও বলিউডে বেশকিছু বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন অক্ষয় খান্না। এর মধ্যে অন্যতম হলো সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত ‘ইক্কা’। এই সিনেমায় তিনি বর্ষীয়ান অভিনেতা সানি দেওলের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন।

দক্ষিণী সিনেমার ক্রমবর্ধমান জনপ্রিয়তার এই সময়ে অক্ষয় খান্নার এই নতুন যাত্রা তার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করবে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।