বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার মানেই নতুন কোনো চমক। আসন্ন হরর-কমেডি সিনেমা ‘ভূত বাংলা’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এবারও তার ব্যতিক্রম হলো না। একেবারে ভিন্ন এবং অদ্ভুত এক লুকে হাজির হয়ে ভক্ত ও সংবাদকর্মীদের তাক লাগিয়ে দিয়েছেন এই অভিনেতা।
ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অক্ষয় কুমারকে দেখা যায় সম্পূর্ণ ছেঁড়া পোশাকে। সাধারণ কোনো ফর্মাল পোশাকের বদলে এমন বিধ্বস্ত সাজে তাঁকে দেখে উপস্থিত সবাই অবাক হয়ে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে অক্ষয়ের এই লুকের ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।
এমন আজব সাজের কারণ জানতে চাইলে অভিনেতা স্বভাবসুলভ রসিকতায় উত্তর দেন, ‘ভূতেরা আমাকে পিটিয়ে এই অবস্থা করেছে!’ মজার ছলে বললেও সিনেমার থিমের সঙ্গে মিলিয়ে তাঁর এই প্রচার কৌশল বেশ প্রশংসিত হচ্ছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের প্রবেশপথে ভক্তদের ভিড় সামলে এগোচ্ছেন অক্ষয়। একপর্যায়ে তিনি বেশ নাটকীয়ভাবে সিঁড়ি দিয়ে লাফিয়ে নেমে নিজের গাড়ির দিকে দৌড়ে যান, আর তাঁর পিছু নেন একদল উৎসুক ভক্ত। তাঁর এই চটপটে স্বভাব আবারও প্রমাণ করল বয়স বাড়লেও অক্ষয়ের এনার্জি এখনো তুঙ্গে।
আগামী ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে আসছে ‘ভূত বাংলা’। সিনেমাটির ট্রেলার ইতিমধ্যেই দর্শকদের মাঝে দারুণ কৌতূহল সৃষ্টি করেছে। অনুষ্ঠানে অক্ষয়ের পাশাপাশি উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তাবু, ভামিকা গাব্বি, প্রযোজক একতা কাপুর এবং গুণী পরিচালক প্রিয়দর্শন। দীর্ঘ বিরতির পর প্রিয়দর্শন ও অক্ষয় কুমারের জুটি ফেরায় ছবিটির বক্স অফিস সাফল্য নিয়ে আশাবাদী নির্মাতারা।
বর্তমানে বক্স অফিসে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর-২’ দাপটের সঙ্গে ব্যবসা করছে। এমন পরিস্থিতিতে হরর ও কমেডির মিশেলে তৈরি ‘ভূত বাংলা’ কতটা শক্ত অবস্থান গড়তে পারে এবং দর্শকদের প্রেক্ষাগৃহমুখী করতে পারে, সেটিই এখন দেখার বিষয়।


