টেলিভিশন ও ইউটিউবের অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ এবার সমাপ্তির পথে। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই নাটকটি শুরু থেকেই পারিবারিক বন্ধন ও সম্পর্কের নিবিড় গল্পের জন্য দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। ৫২ পর্বের এই ধারাবাহিকের সমাপনী আয়োজন নিয়ে এবার বড় চমক দিলেন নির্মাতা।
সাধারণত প্রতিটি পর্ব ২৫ মিনিটের হলেও দর্শকদের ব্যাপক অনুরোধ ও ভালোবাসার কথা মাথায় রেখে শেষ পর্বটিকে বিশেষভাবে সাজানো হয়েছে। নির্মাতা রাজ জানিয়েছেন, নাটকের সমাপনী পর্বটি হবে একটি ‘মেগা এপিসোড’, যার দৈর্ঘ্য হবে দেড় ঘণ্টারও বেশি। মূলত টেলিভিশন সম্প্রচারের সময়ের সীমাবদ্ধতার কারণে আগে বড় করার সুযোগ না থাকলেও, শেষ পর্বে দর্শকদের কোনো আক্ষেপ রাখতে চান না তিনি।
পাকিস্তানি জনপ্রিয় সিরিজ ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই ধারাবাহিকটির এ পর্যন্ত ৪৬টি পর্ব প্রচারিত হয়েছে। গত বছরের ৫ নভেম্বর থেকে চ্যানেল আইয়ের পর্দায় শুরু হওয়া এই নাটকটি একই সঙ্গে ‘সিনেমাওয়ালা’র ইউটিউব চ্যানেলেও ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছে।
নাটকটিতে ফাহাদ ও সামির চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন ইরফান সাজ্জাদ ও খাইরুল বাসার। এছাড়া মেহরী ও সায়রা চরিত্রে যথাক্রমে কেয়া পায়েল ও সুনেরাহ বিনতে কামালের অভিনয় দর্শকদের নজর কেড়েছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকার ও মনিরা আক্তার মিঠুর মতো প্রবীণ ও জনপ্রিয় তারকারা।
দীর্ঘ ৫২ পর্বের এই যবনিকাপাত দর্শকদের জন্য যেমন আনন্দের, তেমনি বিচ্ছেদের বিষাদমাখা। তবে দেড় ঘণ্টার বিশাল সমাপনী পর্বটি দর্শকদের দীর্ঘদিনের আক্ষেপ ঘুচিয়ে এক অনন্য অভিজ্ঞতা দেবে বলেই বিশ্বাস নির্মাতা রাজের।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন