চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এবং তার সহযোগী মো. ফয়সালের বিরুদ্ধে মারধর ও এসিড নিক্ষেপের অভিযোগে করা মামলায় তদন্তে সত্যতা পাওয়া যায়নি। তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আদালতে প্রতিবেদন জমা দিয়ে এ তথ্য জানিয়েছে।
গত ২৪ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের উপপরিদর্শক সুলতান মাহমুদ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালতে এ প্রতিবেদন দাখিল করেন।
রায়ের প্রতিক্রিয়ায় ডিপজল ফেসবুকে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ, এভাবেই এখন পর্যন্ত হওয়া সব মিথ্যা ও হয়রানিমূলক মামলার অবসান হবে। আমার পূর্ণ বিশ্বাস, দেশের আদালত ন্যায়বিচারের মাধ্যমে সব মামলার সত্য-মিথ্যার ফয়সালা করবেন। সত্যের জয় অনিবার্য-মিথ্যা দিয়ে কখনো সত্যকে ঢেকে রাখা যায় না, ষড়যন্ত্র করে কাউকে দূরে রাখা সম্ভব নয়।’
তিনি আরও লেখেন, ‘যারা পরিকল্পিতভাবে এসব ষড়যন্ত্রের পেছনে লিপ্ত, তাদের জন্য স্পষ্ট সতর্কবার্তা- সাবধান হয়ে যান। আল্লাহ তাআলা সময় দেন, কিন্তু কাউকে ছেড়ে দেন না।’
ডিপজল লেখেন, ‘দেশের আইন ও আদালতের প্রতি আমার আস্থা ও বিশ্বাস ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সত্যের পথে আছি, সত্যের সঙ্গেই থাকব- আল্লাহই সর্বোত্তম বিচারক।’
এর আগে গত ৮ জুলাই মারধর ও এসিড নিক্ষেপের অভিযোগে ডিপজল ভক্ত মোছা. রাশিদা আক্তার বাদী হয়ে মামলা করেন। আদালত মামলার আবেদন গ্রহণ করে সিআইডি পুলিশকে তদন্তের নির্দেশ দেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন