ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গোপনে বাংলাদেশ সফর করছেন আতিফ আসলাম

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৬:১৮ এএম
এ আই ইউ বি কনসার্টে আতিফ আসলাম। ছবি : সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে ১৩ ডিসেম্বর ঢাকায় নির্ধারিত কনসার্ট বাতিল হওয়ার পরও বাংলাদেশে অবস্থান করছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। এ সময় তিনি রাজধানীর বিভিন্ন স্থানে একাধিক প্রাইভেট শোতে অংশ নিয়েছেন বলে জানা গেছে।

সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে একটি কনসার্টে গান গান আতিফ আসলাম। এই আয়োজনে তার সঙ্গে পারফর্ম করবেন বাংলাদেশের শিল্পী মিনার ও প্রীতম।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ‘মিউজিক বিয়ন্ড বাউন্ডারিস’ শিরোনামের এই আয়োজনটি এআইইউবির নিজস্ব মাঠে দুপুর দুইটায় শুরু হবে। কনসার্টে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য সীমিত রাখা হয়েছিল। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কনসার্ট ঘিরে এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে কনসার্টে আতিফ আসলামের অংশগ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে গোপন রাখা হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এর আগে ১৩ ডিসেম্বর ঢাকায় নির্ধারিত কনসার্ট বাতিল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেন আতিফ আসলাম। এক পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় বাংলাদেশি ভক্তরা, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ১৩ ডিসেম্বর ঢাকায় আমাদের কনসার্টটি অনুষ্ঠিত হচ্ছে না। আয়োজক দল প্রয়োজনীয় স্থানীয় অনুমতি, নিরাপত্তা ছাড়পত্র ও লজিস্টিক প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি।’