উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা তার বর্ণাঢ্য সংগীত জীবনের মুকুটে আরও একটি উজ্জ্বল পালক যুক্ত করতে যাচ্ছেন। শিল্পকলায় অসামান্য ও কালজয়ী অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ভারতের মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননায় ভূষিত করা হচ্ছে। আগামী ৪ মে থেকে ৮ মে অনুষ্ঠিতব্য ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।
‘মিনার-এ-দিল্লি’ সম্মাননাটি বিশ্বব্যাপী অত্যন্ত মর্যাদাসম্পন্ন। রুনা লায়লার আগে এই পুরস্কার পেয়েছেন ভারতের জোহরা সেহগাল (২০১২), শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা (২০১৫) এবং রুশ অভিনেত্রী সেনিয়া রেবেক্কানা (২০১৬)। রুনা লায়লাই চতুর্থ ব্যক্তিত্ব হিসেবে এই বিরল সম্মাননা পেতে যাচ্ছেন।
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাম কিশোর পরচা রুনা লায়লাকে পাঠানো এক চিঠিতে তার সংগীত প্রতিভার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি উল্লেখ করেন:
‘আপনার কণ্ঠ ও শৈল্পিক যাত্রা কয়েক দশক ধরে ভারত ও বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে আবেগের সেতুবন্ধন তৈরি করেছে। আপনার সংগীত আমাদের কাছে কেবল সুর নয়, বরং এক অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য, যা আগামী প্রজন্মকে পথ দেখাবে।’
আয়োজক কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই মহাতারকাকে সম্মাননা প্রদান করতে পারা ভারতের জন্য আশীর্বাদস্বরূপ, যা দুই দেশের সাংস্কৃতিক মৈত্রী ও সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করবে। রুনা লায়লার সফরের জন্য সব ধরনের রাজকীয় আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে রুনা লায়লা বুধবার (২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘‘মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মানে ভূষিত করার নিমন্ত্রণের জন্য উৎসব কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। আমি এই বিশেষ মুহূর্তটির অপেক্ষায় রইলাম।’’
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবং ড. আম্বেদকার আন্তর্জাতিক কেন্দ্রে বসবে এই উৎসবের আসর। এবারের আয়োজনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে নারী ক্ষমতায়ন, শিশুবিষয়ক চলচ্চিত্র এবং নারী নির্মাতাদের।
এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের প্রথিতযশা অভিনেত্রী শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত, গায়িকা ঊষা উত্থুপ এবং চলচ্চিত্র পরিচালক আদুর গোপাল কৃষ্ণানের মতো বরেণ্য ব্যক্তিবর্গ। গুণী এই শিল্পীর এই বিশ্বজয়ী প্রাপ্তিতে বিনোদন অঙ্গনে বইছে আনন্দের জোয়ার।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন