আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ ভোটগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন রিটার্নিং অফিসার থেকে শুরু করে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসাররা। ভোটকেন্দ্রে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটগ্রহণ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের একটি নির্দিষ্ট পদক্রম ও দায়িত্ব বণ্টন রয়েছে। পদমর্যাদা অনুযায়ী শীর্ষে রয়েছেন রিটার্নিং অফিসার। এরপর পর্যায়ক্রমে সহকারী রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা দায়িত্ব পালন করেন।
রিটার্নিং অফিসার
রিটার্নিং অফিসার হলেন নির্বাচন কমিশনের অধীনে নিয়োজিত একজন সরকারি কর্মকর্তা, যিনি নির্দিষ্ট নির্বাচনী এলাকার সার্বিক নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকেন। তার প্রধান দায়িত্বগুলো হলো—
- নিজ এলাকায় আইন অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করা
- প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ ও বৈধতা যাচাই করা
- ভোটকেন্দ্র নির্ধারণ এবং প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার নিয়োগ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা
- ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ সব নির্বাচনী সামগ্রী যথাসময়ে সরবরাহ নিশ্চিত করা
- ভোট গণনা তদারকি এবং প্রাথমিক ফলাফল ঘোষণা করা
- নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করা
প্রিসাইডিং অফিসার
প্রিসাইডিং অফিসার ভোটকেন্দ্রের সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তিনি পুরো ভোটকেন্দ্র পরিচালনা ও তদারকির দায়িত্ব পালন করেন। তার দায়িত্বের মধ্যে রয়েছে—
- ভোটকেন্দ্রের সার্বিক কার্যক্রম পরিচালনা
- ভোটগ্রহণ শুরুর অন্তত দুই ঘণ্টা আগে সব প্রস্তুতি সম্পন্ন করা
- ভোটাররা যেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা
- ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স সিল ও সংরক্ষণ করা
সহকারী প্রিসাইডিং অফিসার
সহকারী প্রিসাইডিং অফিসার সাধারণত প্রশিক্ষণপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হন। তিনি ভোটকক্ষের ভেতরের কার্যক্রম পরিচালনায় প্রিসাইডিং অফিসারকে সহায়তা করেন। তার দায়িত্ব—
- ভোটকক্ষ তদারকি করা
- পোলিং অফিসারদের মধ্যে সমন্বয় সাধন
- নির্ধারিত নিয়ম অনুযায়ী ভোটারদের ব্যালট পেপার প্রদান নিশ্চিত করা
পোলিং অফিসার
পোলিং অফিসাররা ভোটগ্রহণ প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত থাকেন। ভোটারের পরিচয় যাচাই থেকে শুরু করে ভোট গ্রহণের স্বচ্ছতা নিশ্চিত করাই তাদের মূল কাজ। দায়িত্বগুলো হলো—
- ভোটারের পরিচয় যাচাই ও ভোটার তালিকায় নাম মিলিয়ে দেখা
- ভোটারের আঙুলে অমোচনীয় কালি প্রয়োগ করা
- ভোটগ্রহণ শেষে ফলাফল প্রস্তুতে সহায়তা করা
নির্বাহী ম্যাজিস্ট্রেট
নির্বাচনের দিন ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। নির্বাচনি অনিয়ম, বিশৃঙ্খলা বা আইনভঙ্গের ঘটনায় তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তাদের হাতে থাকে।
বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা ভোটারদের নির্ধারিত দিনে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। তাঁদের মতে, একটি ভোটই গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার প্রধান ভিত্তি।
-20260211044820.webp)



