শীতকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে ভিটামিন ডি-এর ঘাটতি বাড়ে। কম তাপমাত্রা, সূর্যালোকের স্বল্পতা এবং ঘরের ভেতরে থাকার প্রবণতার কারণে এ সময় শরীরে ভিটামিন ডি উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যায় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
ভিটামিন ডি মানবদেহের হাড়, রোগ প্রতিরোধ ক্ষমতা ও সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু শীতকালে সূর্যের অতিবেগুনি বি (UVB) রশ্মির তীব্রতা কম থাকায় শরীর স্বাভাবিকের তুলনায় কম ভিটামিন ডি তৈরি করে।
নিম্ন-তাপমাত্রার দিনগুলোতে সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়ার সর্বোত্তম সময়টি জানা গুরুত্বপূর্ণ। সঠিক সময়ের পাশাপাশি আপনার শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি উৎপাদনের জন্য কতটা সূর্যের আলো যথেষ্ট, তা সম্পর্কেও জানা প্রয়োজন।
আপনার কতটা সূর্যের আলো প্রয়োজন?
বেশির ভাগ সময় শীতকালে মুখ, বাহু বা পায়ের মতো শরীরের বিভিন্ন অংশ সরাসরি ২০ থেকে ৪০ মিনিট সূর্যালোকের সংস্পর্শে আসার ফলে প্রয়োজনীয় পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। শীতকালে সূর্য থেকে নির্গত UVB রশ্মির প্রভাব গ্রীষ্মের তুলনায় কম থাকে। তাই যদি কেউ শীতকালে একই পরিমাণ ভিটামিন ডি পেতে চান, তাহলে তাদের রোদে দীর্ঘ সময় কাটাতে হবে।
শীতকালে সূর্য থেকে ভিটামিন ডি পাওয়ার সেরা সময়
সাধারণত শীতকালে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সূর্য থেকে সর্বাধিক ভিটামিন ডি পাওয়ার সময়। শীতের ভোরে এবং শেষ বিকেলে সূর্যের রশ্মি খুব সংকীর্ণ কোণে আসে, যার অর্থ হলো এর বেশির ভাগ অংশ বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয় এবং পৃথিবীতে পৌঁছানো UVB রশ্মির তীব্রতা খুব কম।
শীতকালে কম ভিটামিন ডি উৎপাদন
শীতের মাসগুলোতে পৃথিবীর ঝোঁক উত্তর গোলার্ধকে সূর্য থেকে দূরে সরিয়ে দেয়, যা UVB রশ্মির তীব্রতা হ্রাস করে। অপর্যাপ্ত UV রশ্মির কারণে পর্যাপ্ত ভিটামিন ডি উৎপাদনের জন্য আমাদের শরীরের সূর্যের সংস্পর্শে কিছুটা বেশি সময় প্রয়োজন। মেঘ, দূষিত বায়ু এবং মোটা পোশাকও ভিটামিন ডি উৎপাদনকে প্রভাবিত করে। যারা ঘরের ভেতরে থাকতে পছন্দ করেন এবং ঠান্ডার সময় বাইরে যেতে ইচ্ছুক নন, তাদের ঘাটতির ঝুঁকি বেশি থাকে।
ত্বকের রঙের ওপর নির্ভর করে
গবেষণা অনুসারে, ত্বকের রং সরাসরি রোদে থাকার জন্য প্রয়োজনীয় সময়ের পরিমাণকে প্রভাবিত করে। ফর্সা ত্বকের ব্যক্তির জন্য প্রয়োজনীয় ভিটামিন ডি স্তর তৈরি করতে ১৫ থেকে ২০ মিনিটের মতো রোদে থাকা যথেষ্ট। তবে মাঝারি বা কালো ত্বকের ব্যক্তিদের ৪৫ মিনিট পর্যন্ত সময় লাগে। কারণ মেলানিন প্রাকৃতিক UV ফিল্টার হিসাবে কাজ করে।
ভিটামিন ডি-এর জন্য পরিপূরক এবং খাবার
শীতের দিনে শরীরে ভিটামিন ডি-এর মাত্রা অনেকটাই হ্রাস পায়, যা আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে। সে জন্য দৈনন্দিন খাদ্যতালিকায় ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যোগ করতে হবে। যেমন—ডিমের কুসুম, ফর্টিফাইড দুধ, মাশরুম, সামুদ্রিক মাছ ইত্যাদি। যাদের ভিটামিনের তীব্র ঘাটতি ধরা পড়ে এবং স্বাভাবিকভাবে অবস্থার উন্নতি করতে পারে না তাদের সম্পূরক গ্রহণের পরামর্শ দেওয়া যেতে পারে।


