সর্দি-কাশি এত বেশি পরিচিত সমস্যা যে এতে না ভুগেছেন—এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। আমাদের মধ্যে অনেকেই আছেন, যারা কেবল শীতকাল নয়;বরং প্রায় সারা বছর ধরেই সর্দি-কাশিতে ভুগে থাকেন।
আপনি যদি স্বাস্থ্যকর জীবনযাপন করেন আর বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ঘরোয়া উপায় বেছে নেন, তাহলে আপনাকে কথায় কথায় ডাক্তারের কাছে ছুটতে হবে না। তবে আপনাকে এটাও বুঝতে হবে যে, কখন চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন। তার আগ পর্যন্ত ঘরোয়া উপায় মেনে চলতে পারেন।
চলুন, জেনে নেওয়া যাক কাশির সমস্যায় ঘরোয়া কোন উপায়গুলো বেছে নেবেন—
আদা চা
আদা আমাদের শরীরের জন্য নানাভাবে উপকার করে থাকে। বিশেষ করে কফ ও কাশি দূর করতে এটি বেশ কার্যকর। এক কাপ আদা চা কেবল কাশির সমস্যাই দূর করে না; বরং সেই সঙ্গে হজমের নানা সমস্যাও দূর করে। এটি খুশখুশে কাশি, জমে থাকা কফ বের করে দিতে কাজ করে। তাই আদা চা হোক আপনার প্রতিদিনের পানীয়।
মধু
উপকারী আরেকটি উপাদান হলো মধু। এটি গলা ব্যথা প্রশমিত করতে পারে এবং কাশি দমন করতে পারে। আপনার প্রতিদিনের খাবারের তালিকায় মধু যোগ করুন। সকালে উঠে হালকা গরম পানির সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে পান করার চেষ্টা করুন। এতে হজমেও উপকার পাবেন। সেই সঙ্গে চায়ে মধু ব্যবহার করতে পারেন অথবা চামচে করে শুধু মধুও খেতে পারেন।
তুলসী পাতা
কাশি দূর করার ঘরোয়া উপায় হিসেবে তুলসী পাতা বেছে নিতে পারেন। তুলসী পাতা চিবিয়ে খান কিংবা রস করে এটি জমে থাকা পুরোনো কফ বের করে দিতে কার্যকর ভূমিকা রাখে। আপনি চাইলে চায়ের সঙ্গেও তুলসী পাতা মিশিয়ে খেতে পারেন। আবহাওয়া পরিবর্তনের এই সময়ে আপনার যদি কফ কিংবা কাশির সমস্যা হয়, তবে তুলসী পাতা খেলে উপকার পাবেন।
হলুদ ও দুধ
হলুদ আর দুধের মিশ্রণকে ভালোবেসে গোল্ডেন মিল্ক নামেও ডাকা হয়। এটি শরীরের যেসব সমস্যার সমাধান করে, তার মধ্যে কাশি একটি। কাশির সমস্যায় এক গ্লাস গরম দুধের সঙ্গে আধা চা চামচ হলুদ মিশিয়ে খেতে পারেন। এতে শরীর দ্রুত সারতে শুরু করবে। রাতে ঘুমাতে যাওয়ার আগে এই গোল্ডেন মিল্ক খেলে তা বেশি উপকার করে।


