ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৩০ উপজেলায় দেওয়া হচ্ছে হামের বিশেষ টিকা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৯:৪৩ এএম
ছবি : সংগৃহীত

দেশে হামের প্রাদুভাব আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে আজ (৫ এপ্রিল) থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় এই জরুরি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সকাল ৯টা থেকে শুরু হয়েছে এই কর্মসূচি, চলবে বিকেল ৫টা পর্যন্ত। এই বিশেষ উদ্যোগের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার (৪ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত এক জরুরি ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমান পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যেসব এলাকায় সম্প্রতি হামের প্রকোপ বেশি দেখা গেছে, সেগুলোকে ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এই উদ্যোগের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি শিশুদের হামের টিকা দেওয়া হচ্ছে। মন্ত্রী জানান, যেসব শিশু আগে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় টিকা নিয়েছে, তারাও এই বিশেষ কর্মসূচিতে পুনরায় টিকা নিতে পারবে। একাধিকবার এই টিকা গ্রহণে কোনো ক্ষতির আশঙ্কা নেই।

টিকা দেওয়ার পাশাপাশি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুলও প্রদান করা হচ্ছে। তবে এটি মূলত অসুস্থ শিশুদের জন্য বেশি প্রয়োজনীয় বলে উল্লেখ করা হয়েছে। যারা বর্তমানে হামে আক্রান্ত, তারা আপাতত টিকা নিতে না পারলেও তাদের ভিটামিন ‘এ’ দেওয়া হবে।

এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত এলাকার মধ্যে রয়েছে বরগুনা, পাবনা, চাঁদপুর, কক্সবাজার, গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, নওগাঁ, যশোর, নাটোর, মুন্সীগঞ্জ, মাদারীপুর, ঢাকা, ঝালকাঠি ও শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৯ দিনে হামের লক্ষণ নিয়ে দেশে ৯৪ জন শিশুর মৃত্যু হয়েছে এবং প্রায় ৬ হাজার রোগী হাসপাতালে চিকিৎসাধীন। বিশেষ করে ঢাকার শিশু হাসপাতাল ও মহাখালী এলাকার বিশেষায়িত হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে।

চিকিৎসকদের মতে, যারা আগে টিকা নেয়নি তাদের মধ্যেই সংক্রমণ বেশি মারাত্মক হচ্ছে। এ পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রী অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা স্বেচ্ছায় তাদের শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে গিয়ে টিকা প্রদান নিশ্চিত করেন।