ফেসবুক ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। ফেসবুকে লিংক শেয়ার নিয়ে নতুন পরীক্ষা শুরু করেছে মেটা। প্রফেশনাল মোড ব্যবহারকারী ও ফেসবুক পেজ পরিচালকদের জন্য লিংক পোস্টের সংখ্যা সীমিত করা হচ্ছে। নির্ধারিত সীমার বেশি লিংক শেয়ার করতে চাইলে এখন থেকে ভেরিফায়েড সাবস্ক্রিপশন কিনতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষক ম্যাট নাভারা বিষয়টি প্রথম প্রকাশ করেন। তার মতে, পরীক্ষায় থাকা ব্যবহারকারীরা সর্বাধিক চারটি লিংক পোস্ট করতে পারবেন। এর বেশি শেয়ার করতে হলে মাসে অন্তত ১৪.৯৯ ডলার দিয়ে সাবস্ক্রিপশন নিতে হবে।
মেটা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এটি একটি সীমিত পরীক্ষা। টেকক্রাঞ্চকে দেওয়া বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, পরীক্ষা কেবল প্রফেশনাল মোড ব্যবহারকারী ও ফেসবুক পেজে প্রযোজ্য। সাধারণ ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইল কনটেন্ট ক্রিয়েটর অ্যাকাউন্টে রূপান্তর করতে পারেন, যাতে কনটেন্ট বেশি মানুষের কাছে পৌঁছায়। নতুন পরীক্ষায় সেই ব্যবহারকারীরাই মূলত প্রভাবিত হচ্ছেন।
মেটার মুখপাত্র বলেন, ‘লিংকসহ বেশি পোস্ট করার সুবিধা ভেরিফায়েড গ্রাহকদের জন্য অতিরিক্ত মূল্য যোগ করছে কি না, সেটি বোঝার জন্য পরীক্ষা চালানো হচ্ছে।’
তবে মন্তব্যে লিংক দেওয়া বা অ্যাফিলিয়েট লিংক শেয়ার করার ওপর কোনো সীমা নেই। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের ভেতরের লিংক শেয়ারও অনুমোদিত। সংবাদমাধ্যম ও প্রকাশকদের এই পরীক্ষার আওতায় এখনো আনা হয়নি। তবে ব্লগ বা বাইরের ওয়েবসাইটের লিংক শেয়ার করা কনটেন্ট নির্মাতাদের ওপর প্রভাব পড়তে পারে।
মেটার সর্বশেষ ট্রান্সপারেন্সি প্রতিবেদনে দেখা যায়, যুক্তরাষ্ট্রে ফেসবুক ফিডের ৯৮% ভিউ আসে লিংকবিহীন পোস্ট থেকে, আর লিংকযুক্ত পোস্টের ভিউ মাত্র ১.৯%। বিশেষজ্ঞদের মতে, নতুন এই সীমা কার্যকর হলে কনটেন্ট নির্মাতারা মেটার নিজস্ব প্ল্যাটফর্মে প্রকাশ করতে বাধ্য হবেন, না হলে সাবস্ক্রিপশন নিতে হবে, যার ফলে বাইরের ওয়েবসাইটের ট্রাফিক কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।


