দীর্ঘদিনের অভিযোগ স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়ার। বিশেষ করে গুগল ফটোসের মতো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে নিয়মিত ছবি ও ভিডিও ব্যাকআপ নিলে চার্জ দ্রুত কমে যায় বলে অনেক ব্যবহারকারী অভিযোগ করেন। সেই সমস্যার সমাধানেই নতুন ফিচার আনতে যাচ্ছে গুগল।
সম্প্রতি গুগল ফটোস অ্যাপের একটি পরীক্ষামূলক সংস্করণ বিশ্লেষণ করে দেখা গেছে, সেখানে ‘অপ্টিমাইজ ব্যাকআপ ফর ব্যাটারি লাইফ’ নামে নতুন একটি সেটিং যুক্ত করার প্রস্তুতি চলছে। এই ফিচার চালু হলে ব্যাটারি সাশ্রয়ের জন্য ব্যাকআপের পদ্ধতিতে পরিবর্তন আসবে।
যেভাবে কাজ করবে নতুন ফিচার
নতুন সেটিং চালু থাকলে:
১. ব্যাকগ্রাউন্ডে আগের মতো ঘন ঘন ব্যাকআপ নেওয়া হবে না
২. ব্যবহারকারী অ্যাপ ব্যবহার না করলে ব্যাকআপের গতি কমে যাবে
৩. অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি সীমিত করা হবে
৪. ছবি বা ভিডিও তোলার পর সঙ্গে সঙ্গে ক্লাউডে আপলোড না হয়ে পরে সুবিধাজনক সময়ে ব্যাকআপ হবে
১. দিনের বেলায় তোলা ছবি-ভিডিও সঙ্গে সঙ্গে অন্য ডিভাইস বা ওয়েবে দেখা নাও যেতে পারে
২. অনেক সময় অ্যাপ খোলার পর একসঙ্গে ব্যাকআপ শুরু হতে পারে
৩. ব্যাকআপ বন্ধ হবে না, বরং আরও ব্যাটারিবান্ধবভাবে চলবে
৪. ফলে ব্যাটারি সাশ্রয় হবে, আবার ব্যাকআপ বন্ধ রাখার ঝুঁকিও থাকবে না
এতদিন গুগল ফটোসের ব্যাকআপ সেটিং মূলত ওয়াই-ফাই বা মোবাইল ডেটা ব্যবহারের ওপর নির্ভর করত। ব্যাটারি সাশ্রয়ের জন্য আলাদা কোনো নিয়ন্ত্রণ ছিল না। নতুন এই ফিচার সেই ঘাটতি পূরণ করতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
তবে ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে গুগল আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে পরীক্ষামূলক সংস্করণে এর উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে, শিগগিরই এটি ব্যবহারকারীদের জন্য চালু হতে পারে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন