বাংলাদেশে হঠাৎ করেই ডেস্কটপে ফেসবুক ব্যবহারে সমস্যার মুখে পড়েছেন অনেক ব্যবহারকারী। রোববার (১৯ জুলাই) দুপুরের পর থেকে বিশেষ করে কম্পিউটার ও ল্যাপটপে ফেসবুক খুলতে গেলে বিভিন্ন ধরনের ত্রুটি বার্তা দেখা যাচ্ছে। তবে মোবাইল অ্যাপে তুলনামূলকভাবে সেবা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ব্যবহারকারীরা।
ব্যবহারকারীদের অভিযোগ, ডেস্কটপ ব্রাউজারে ফেসবুকে প্রবেশ করতে গেলে ‘Account Temporarily Unavailable’ বার্তা প্রদর্শিত হচ্ছে। অনেকেই লগইন করতে পারছেন না, আবার কারও ক্ষেত্রে নিউজফিড লোড হতে দীর্ঘ সময় লাগছে। কিছু ব্যবহারকারী বিভিন্ন ফিচার ব্যবহারেও সমস্যার সম্মুখীন হচ্ছেন।
রাজধানী ঢাকার একাধিক ব্যবহারকারী জানান, দুপুর আড়াইটার পর থেকে এই সমস্যা শুরু হয়। অনেকের মতে, একই সময়ে মোবাইল অ্যাপে ফেসবুক স্বাভাবিকভাবে ব্যবহার করা গেলেও ওয়েব সংস্করণে সমস্যা বেশি দেখা দিয়েছে।
অনলাইন সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম Downdetector-এও ফেসবুক-সংক্রান্ত অভিযোগের সংখ্যা দ্রুত বাড়তে দেখা গেছে। সেখানে ব্যবহারকারীরা ওয়েব সংস্করণে লগইন, নিউজফিড লোড এবং বিভিন্ন ফিচার ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা বিভ্রাটের কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। ফলে সমস্যাটি কত দ্রুত সমাধান হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত জুন মাসেও বিশ্বজুড়ে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারে একই ধরনের সাময়িক বিভ্রাট দেখা দিয়েছিল। তখন লগইন, নিউজফিড আপডেট এবং মেসেঞ্জার ব্যবহারে সমস্যা হলেও কয়েক ঘণ্টার মধ্যে সেবাগুলো স্বাভাবিক হয়ে যায়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন