ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাইটেক ও সফটওয়্যার পার্কসহ আইসিটি সেন্টার পরিচালনায় কমিটি গঠন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ১০:১১ পিএম
ছবি-সংগৃহীত

দেশের হাইটেক ও সফটওয়্যার পার্কসহ বিভিন্ন আইসিটি সেন্টারের কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে ছয় সদস্যের কমিটি গঠন করেছে সরকার। এ বিষয়ে শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়) রেহান আসিফ আসাদকে কমিটির সভাপতি করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিবকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান।

প্রজ্ঞাপনে কমিটির দায়িত্ব ও কর্মপরিধি উল্লেখ করে বলা হয়েছে, দেশের সব হাইটেক ও সফটওয়্যার পার্ক এবং আইসিটি সেন্টারগুলোকে কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এই কমিটি। পাশাপাশি ফ্রিল্যান্সার ও প্রযুক্তি খাতে কর্মরতদের জন্য স্বল্পমূল্যে বা সাশ্রয়ী দামে কর্মপরিসর (ওয়ার্কিং স্পেস) নিশ্চিত করার লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করবে।

এছাড়া বাংলাদেশে পেপাল সেবা চালুর বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া এবং আইসিটি খাতে দক্ষ মানবসম্পদ তৈরির জন্য প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করার বিষয়েও কমিটি কাজ করবে। প্রয়োজন অনুযায়ী কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করার সুযোগও রাখবে।