ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দোহাটেক নিউ মিডিয়ার নামে মিথ্যা প্রতিবেদনের প্রতিবাদ

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৯:৪০ পিএম
ছবি : সংগৃহীত

দেশের কয়েকটি পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত ‘দোহাটেক-ঘনিষ্ঠদের প্রভাব বলয়ে ই-জিপি, টেন্ডার কারচুপির অভিযোগ’ শীর্ষক প্রতিবেদনটিতে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে দোহাটেক নিউ মিডিয়া।

সোমবার (১১ মে) প্রতিষ্ঠানটির জনসংযোগ শাখা এ বিষয়ে প্রতিবাদ জানিয়েছে।

প্রতিবাদ লিপিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, দোহাটেক নিউ মিডিয়া ২০০৪ সালে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটিতে (সাবেক সিপিটিইউ) উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নির্বাচিত হয়ে সিপিটিইউ ওয়েবসাইট এবং Public Procurement Management Information System (PROMIS) ডেভেলপমেন্টের কাজ সম্পন্ন করে। উক্ত কাজের সফল অভিজ্ঞতা এবং দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ও বিশ্বব্যাংকের যৌথ সিদ্ধান্তে ২০০৭ সালে ই-জিপি (e-GP) সিস্টেম ডেভেলপমেন্টের জন্য সহযোগী পরামর্শক হিসেবে দোহাটেক নিউ মিডিয়াকে মনোনীত করা হয়।

পরবর্তীতে দোহাটেক নিউ মিডিয়া আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভুটান ও নেপালের ই-জিপি সিস্টেম উন্নয়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য নির্বাচিত হয় এবং ২০১৭ সাল থেকে দেশ দুটিতে সফলভাবে ই-জিপি কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রতিবাদ লিপিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার ই-জিপি সিস্টেমের পরামর্শক নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত শর্তাবলি, বিশেষায়িত কারিগরি দক্ষতা এবং প্রাসঙ্গিক যোগ্যতার ভিত্তিতেই দোহাটেক নিউ মিডিয়াকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিয়োগ প্রদান করেছে। এ ক্ষেত্রে সকল প্রযোজ্য শর্ত পূরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের নিয়োগে নির্ধারিত যোগ্যতা ও দক্ষতাকে যথাযথভাবে বিবেচনা করা হবে—এটাই প্রত্যাশিত।

বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ তত্ত্বাবধানে e-GP সিস্টেমের নির্মাণ, রক্ষণাবেক্ষণ, পরিচালনা ও উন্নয়নের জন্য পরামর্শক/সরবরাহকারী নির্বাচনের পুরো প্রক্রিয়াটি আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সম্পন্ন হয়েছে। এতে কোনো ধরনের অনিয়ম বা অবৈধতার অভিযোগ সঠিক নয়।

প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা বলে দাবি প্রতিষ্ঠানটির। এমন মিথ্যা তথ্য ছড়ানো থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে দোহাটেক নিউ মিডিয়া।