ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

স্পিকার বললেন

এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৫:৫০ এএম

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে জনগণের আস্থা পূরণে সংসদ সদস্যরা জনপ্রতিনিধিত্ব করেন। সংসদের গুরুত্বপূর্ণ তিনটি দায়িত্ব আইন প্রণয়ন, বাজেট অনুমোদন ও নির্বাহী বিভাগকে জবাবদিহিমূলক অন্তর্ভুক্তির আওতায় এনে সংসদ সদস্যদের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করা।

গতকাল বুধবার জাতীয় সংসদের শপথকক্ষে সংসদ সদস্যদের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালি বিধি ও সংসদীয় কার্যক্রম’বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রামে স্পিকার এ কথা বলেন। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২ মার্চ থেকে শুরু হয়ে ৩০ এপ্রিল পর্যন্ত চলে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। আগামী ৭ জুন থেকে বসছে বাজেট অধিবেশন।

এবারের সংসদে সরাসরি ভোটে নির্বাচিত সদস্যদের মধ্যে ২২০ জনই প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছেন। সংরক্ষিত নারী আসনের ৫০ সদস্যের বেশির ভাগই নতুন। সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি সম্পর্কে ধারণা দিতে দুই ধাপে দুদিনব্যাপী এই ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়েছে।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘কার্যপ্রণালি বিধি কেবল প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়; এটি দায়িত্ব বাস্তবায়নের হাতিয়ার। প্রস্তাব উত্থাপন ও বিল পর্যালোচনার ক্ষেত্রে সঠিক ধারণা থাকার জন্য কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক।’

স্পিকার আরও বলেন, ‘সংসদ কেবল রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় না; গঠনমূলক বিরোধী দল ও সরকারি দলের সমান দক্ষতায় কার্যপ্রণালি বিধিতে অংশগ্রহণ নিশ্চিত করে জনসম্পৃক্ততা ও আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে পরিচালিত হয়’।

সংসদীয় প্রতিষ্ঠান শক্তিশালীকরণে ইউএনডিপি এবং সুইজারল্যান্ডের স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস) প্রোগ্রাম সংসদ সদস্যদের কার্যকর অংশগ্রহণ ও জবাবদিহির মাধ্যমে জনপ্রত্যাশা পূরণ করে যাচ্ছে বলে স্পিকার উল্লেখ করেন।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘জনগণের প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়েই সংসদ সদস্যরা কর্মভার গ্রহণ করেছেন। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি তাদের অধিকার ও দায়িত্ব নির্ধারণ করেছে এবং এ দায়িত্ব পালনে তারা জনগণের প্রতি দায়বদ্ধ’।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, ‘জনগণের করের টাকায় সংসদ পরিচালিত হয়। সুশাসন, অর্থনৈতিক সংস্কার ও সর্বোপরি টেকসই গণতন্ত্র কীভাবে নিশ্চিত করা যায়, এ লক্ষ্যে সংসদ পরিচালিত হবে’।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়া, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি।