ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরির বড় সুযোগ

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০১:৫৮ পিএম
ছবি : সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক খাতে বড় পরিসরে নিয়োগের সুযোগ এসেছে। ১৫ ও ১৬তম গ্রেডভুক্ত বিভিন্ন শূন্য পদে মোট ১০১ জনকে নিয়োগ দেওয়া হবে। ড্রাইভিং-সংশ্লিষ্ট ছয়টি ক্যাটাগরির পদে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বাধিক ৮৯টি পদে নিয়োগ দেওয়া হবে এমটিডি (MTD) পদে। এ পদে আবেদনের জন্য অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস হতে হবে। ভারী যানবাহন চালনার বৈধ লাইসেন্সসহ কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এ পদের বেতন স্কেল নির্ধারিত হয়েছে ৯ হাজার ৭০০ থেকে ২৩ হাজার ৪৯০ টাকা (গ্রেড-১৫)।

এ ছাড়া ইঞ্জিন ড্রাইভার (ক্লাস-১) পদে একজন, ক্রেন ড্রাইভার (ক্লাস-১) পদে একজন এবং ফর্কলিফট ড্রাইভার পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে। এসব পদের জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পাস হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ভারী যানবাহন চালনায় তিন থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এসব পদেও বেতন গ্রেড ১৫ অনুযায়ী নির্ধারিত।

গ্রেড-১৬-তে ইঞ্জিন ড্রাইভার (ক্লাস-২) পদে তিনজন এবং ক্রেন ড্রাইভার (ক্লাস-২) পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। এসব পদের জন্যও এসএসসি বা সমমান পাসের পাশাপাশি সংশ্লিষ্ট লাইসেন্স ও কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা আবশ্যক। এ গ্রেডে বেতন স্কেল ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।

আবেদনের জন্য প্রার্থীর বয়স ২০ জানুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন ফি হিসেবে ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা জমা দিতে হবে। অনগ্রসর নাগরিকদের জন্য পরীক্ষার ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা নির্ধারিত। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ বাধ্যতামূলক।

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান ইতোমধ্যে শুরু হয়েছে, যা শেষ হবে ২০২৬ সালের ২০ জানুয়ারি বিকেল ৫টায়।

নিয়োগ-সংক্রান্ত শর্তে বলা হয়েছে, সশস্ত্র বাহিনী বা কোনো সরকারি চাকরি থেকে বহিষ্কৃত কিংবা বরখাস্ত ব্যক্তিরা আবেদন করতে পারবেন না।

বর্তমানে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত তথ্য bndcp.teletalk.com.bd এবং বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট www.navy.mil.bd থেকে জানা যাবে।