গোপালগঞ্জে মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে চারজনকে আমৃত্যু কারাদণ্ড ও ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ রায় দেন। রায়ে দণ্ডিত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী ও ঝন্টু শেখ।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আব্দুর রশিদ মোল্লা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট বলেও জানিয়েছেন তিনি।
২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জের কুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের অফিস থেকে মৌলভীপাড়ার বাসায় ফেরার পথে একদল হামলাকারী সাইদুর রহমান বাসুকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) তার মৃত্যু হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন