সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জরুরি অস্ত্রোপচারের জন্য পরিবারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, ওসমান হাদি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসা ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার বিজয়নগর এলাকায় গণসংযোগ শেষে ফেরার পথে তিনি হামলার শিকার হন।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, চলন্ত রিকশায় থাকা অবস্থায় একটি মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে অস্ত্রোপচারের পর ওই রাতেই এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদির শারীরিক অবস্থা পরিদর্শনের পর বুধবার রাতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ফোন করে বিষয়টি জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান। তিনি হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে উল্লেখ করেন।
ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে আরও বলা হয়, হাদি যদি মৃত্যুবরণ করে শহীদের কাতারে শামিল হন, সে ক্ষেত্রে দেশের সার্বভৌমত্ব রক্ষার দাবিতে স্বাধীনতাকামী মজলুম জনতাকে রাজধানীর শাহবাগে জড়ো হওয়ার অনুরোধ জানানো হচ্ছে।
একই সঙ্গে সংগঠনটি দাবি করেছে, হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালানো হবে। অভিযুক্ত ব্যক্তি বিদেশে, বিশেষ করে ভারতে পালিয়ে গেলে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনার দাবিও জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন