যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এ গত সাত দিনে সারাদেশে ৫ হাজার ৯৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছেন ৭৮৩ জন। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ২০ হাজার ৩৩৩টি মোটরসাইকেল এবং ১৭ হাজার ৯২৩টি যানবাহন তল্লাশি করা হয়েছে। তল্লাশির সময় ৩৫৬টি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর গত ১৩ ডিসেম্বর আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলমান রয়েছে। এসব অভিযান আরও জোরদার করা এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনের লক্ষ্যে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত বছরের ৮ ফেব্রুয়ারি গাজীপুরে ছাত্র–জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনার পর সারা দেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করা হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় ওই অভিযান পরিচালিত হয়।

