ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘গুম-সংক্রান্ত কমিশন নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৯:১৮ এএম
প্রতীকী ছবি।

গুম-সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির নাম ব্যবহার করে সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে বলে কমিশন জানিয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) গুম-সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সচিব কুদরত-এ-ইলাহীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুম কমিশনের প্রতিবেদন দাখিলের পূর্বনির্ধারিত সময়সীমার সঙ্গে সংগতি রেখে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য সংযুক্ত করে কমিশন সম্পর্কে যে বক্তব্য প্রচার করা হচ্ছে, তা মূলত কমিশনের কার্যক্রমে বাধা সৃষ্টি বা প্রভাবিত করার হীন-উদ্দেশ্যেই করা হচ্ছে বলে প্রতীয়মান হয়।

এ ছাড়া কমিশনের বিভিন্ন জিজ্ঞাসাবাদ কার্যক্রমে খন্দকার রাকিব নামে কোনো ব্যক্তির উপস্থিতির যে দাবি প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। ওই ব্যক্তি কখনো গুম-সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে কোনো পদে কর্মরত ছিলেন না এবং কমিশনে কোনো জিজ্ঞাসাবাদ কার্যক্রমেও তার উপস্থিতি ছিল না। এ ধরনের অস্পষ্ট ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের মাধ্যমে একটি মহল কমিশনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে বলে কমিশন মনে করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গুম হওয়া ব্যক্তি ও তাদের পরিবারের দীর্ঘ প্রতীক্ষা ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষার প্রতি সর্বোচ্চ সম্মান রেখে কমিশন তার অর্পিত দায়িত্ব নিরপেক্ষভাবে ও নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছে। এ ক্ষেত্রে দেশপ্রেমিক সব নাগরিকের সহযোগিতা একান্তভাবে কাম্য। অতএব, দেশবাসীকে এ ধরনের বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত ও উসকানিমূলক তথ্যের প্রতি কর্ণপাত না করার জন্য অনুরোধ করা যাচ্ছে।