ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ডিসি-এসপিদের আশ্বাসে বুকের জোর বেড়েছে : সিইসি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৩:৫২ পিএম
সিইসি এ এম এম নাসির উদ্দীন। ছবি : সংগৃহীত

ডিসি-এসপিদের আশ্বাসে বুকের জোর বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘আমার একমাত্র অ্যাজেন্ডা দেশ ও জাতির জন্য। আপনাদের সহযোগিতা পেলে তা সফল করতে পারব।’

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ডিসি-এসপি, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। যোগসাজশ করে পাতানো নির্বাচন করা হয়েছে। এসব অপবাদ ঘুচিয়ে আইনের শাসনের মাধ্যমে সুন্দর নির্বাচন দিতে চায় ইসি। 

ডিসি-এসপিদের উদ্দেশে নাসির উদ্দিন বলেন, ‘আপনারা কাজ না করলে অথরিটি কাজ করবে না। আপনাদের বুঝিয়ে বলার কোনো দরকার নেই। আপনারা মাঠে দায়িত্ব পালন করেন। আপনারা ভালো জানেন। আইন সবার জন্য সমান। কোনো অপরাধীকে ছাড় দেবেন না।’

তিনি আরও বলেন, ‘যে দায়িত্ব কাঁধে এসে পড়েছে, তার কোনোরকম বিচ্যুতি ঘটানোর কোনো সুযোগ নেই। এই নির্বাচনের মাধ্যমে খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে চাই।’

উল্লেখ্য, ইসির ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।