বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনায় পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়ায় বঙ্গভবনের ওই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।
এ সময় তিনি বলেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়েই গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার সম্পৃক্ততার যথেষ্ট প্রমাণ পুলিশের হাতে রয়েছে।
ডিবিপ্রধান আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির ব্যবহৃত সব ধরনের ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়েছে। এসব ডিভাইস ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় একটি মামলা হয়েছে, যা এর আগে করা সাধারণ ডায়েরির (জিডি) সঙ্গে মার্জ করা হয়েছে। হ্যাকিং সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের অপতথ্য না ছড়ানোর জন্যও তিনি অনুরোধ জানান। এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত চলছে বলে জানান ডিবিপ্রধান।
এর আগে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করা হয়।
প্রসঙ্গত, গত শনিবার (৩১ জানুয়ারি) রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। পরে ওই পোস্টটি এক্স অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় জামায়াত একটি বিবৃতিতে জানায়, সাইবার হামলার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশ করা হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন