ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও হাদির পরিবারের সদস্যরা।
জাতিসংঘের তত্ত্বাবধানে হত্যাকাণ্ডের তদন্তের দাবিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে তারা যমুনার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা, শহীদ শরিফ ওসমান হাদির স্ত্রী এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।
অবস্থান কর্মসূচি সম্পর্কে ফাতিমা তাসনিম জুমা বলেন, ‘হাদি হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের তত্ত্বাবধান প্রয়োজন। ইনকিলাব মঞ্চ সরকার, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করেছে। কিন্তু বিচার পাওয়ার প্রশ্নে সবাই আমাদের প্রতি উদাসীন।’
তিনি অভিযোগ করেন, ন্যায়বিচারের দাবিতে বারবার আবেদন জানানো হলেও এখনো দৃশ্যমান অগ্রগতি নেই।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।
এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরবর্তীতে হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।


