জুলাই আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান হৃদরোগে আক্রান্ত হলে রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র বা সিসিইউতে চিকিৎসাধীন।
শুক্রবার রাত আড়াইটায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন মুগ্ধর বড় ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি জানান, তার বাবা একটি বড় ধরনের কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়েছেন।
স্নিগ্ধ তার পোস্টে আরও উল্লেখ করেন, আশ্চর্যের বিষয় হলো- এত বড় একটি অ্যাটাকের পরও তার বাবা কোনো ধরনের ব্যথা অনুভব করেননি। চিকিৎসকদের বলছেন, গেল ৭২ ঘণ্টার মধ্যে যেকোনো সময় এই কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে । মুগ্ধকে হারানোর পর থেকে কোনো ব্যথাই যেন তার বাবার কাছে আর অসহ্য মনে হয় না।
চিকিৎসকদের বরাত দিয়ে স্নিগ্ধ জানান, আগামী ৭২ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এই সময়ের মধ্যে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। স্নিগ্ধ আরও বলেন, মানুষ যে মানবিক মুগ্ধকে দেখেছে, সে ছিল তার বাবারই প্রতিচ্ছবি।
একই সঙ্গে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রসঙ্গে স্নিগ্ধ দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, একদিকে বাবার সংকটাপন্ন অবস্থা, অন্যদিকে ভাইদের রাস্তায় মার খেতে দেখে তিনি নিজেকে অসহায় বোধ করছেন। অসুস্থ বাবার পাশে থাকায় তিনি আন্দোলনে যেতে পারছেন না।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন