ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচনের ইতিহাসে এর আগে এমন প্রস্তুতি নেওয়া হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৩:৩৬ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের দিনে কোনো শঙ্কার কারণ নেই। ইতিহাসে এর আগে কখনো এত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়নি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহত্তর ফরিদপুরের ৫ জেলার কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার পর তিনি সাংবাদিকদের এই মন্তব্য করেন।

লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগের নির্বাচনগুলোতে সহিংসতা ঘটেছে, কিন্তু এবার এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে। নির্বাচনের দিনে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। আনসার সদস্যরা কেন্দ্রে পৌঁছালে সুরক্ষা অ্যাপ চালু হবে। ড্রোন ব্যবস্থাও করা হয়েছে। যে কেন্দ্রে বাউন্ডারি ছিল না, সেখানে নতুন বাউন্ডারি দেওয়া হয়েছে। আশা করছি, এখানকার নির্বাচন উৎসবমুখর ও ফ্রি-ফেয়ার হবে।

মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তা এবং বৃহত্তর ফরিদপুরের ৫ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।