ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈদের আগে বইমেলার প্রস্তাব ফের নাকচ প্রকাশকদের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৮:২৪ পিএম
বইমেলার মাঠ। ছবি : সংগৃহীত

আগামী ২০ ফেব্রুয়ারি থেকেই ‘অমর একুশে বইমেলা ২০২৬’ শুরু করতে চায় সরকার। তবে সময় নির্ধারণ নিয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাংলা একাডেমি কর্তৃপক্ষের এই অনড় অবস্থানের বিপক্ষে মত দিয়েছেন প্রকাশকরা।

গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলা একাডেমিতে অনুষ্ঠিত এক সভা শেষে প্রকাশকদের সংগঠন ‘প্রকাশক ঐক্য’-এর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সরকার নির্ধারিত সময়ে মেলা শুরু হলে স্টল ভাড়ার ওপর ৫৫ শতাংশ ছাড় দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে প্রকাশকেরা এ প্রস্তাবে সম্মত হননি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকাশকদের মূল আপত্তি কেবল ভাড়া নিয়ে ছিল না, বরং মেলার সময়সূচি নিয়েও। নির্বাচন ও নতুন সরকার গঠন-পরবর্তী সময়ে রোজার মধ্যে পাঠকশূন্য মেলায় ৫৫ শতাংশ কেন, ১০০ শতাংশ ভাড়া মওকুফ করলেও প্রকাশকদের লগ্নিকৃত পুঁজি (বই ছাপা, কর্মীদের বেতন, ডেকোরেশন) উঠে আসবে না। একটি ‘প্রাণহীন’ মেলা আয়োজনের সরকারি সিদ্ধান্তের দায়ভার প্রকাশকেরা নিতে পারবেন না।

এদিকে প্রকাশকদের পক্ষ থেকে স্টলভাড়া শতভাগ মওকুফ এবং স্টল ও প্যাভিলিয়ন নির্মাণের ব্যয়ে সরকারি ভর্তুকির দাবি জানানো হয়েছিল; তবে মন্ত্রণালয় তাতে অসম্মতি জানিয়েছে।

২০ ফেব্রুয়ারি মেলা শুরু না করার পেছনে বেশ কিছু সংকটের কথা তুলে ধরেছেন প্রকাশকেরা। এর মধ্যে রয়েছে দেশের নির্বাচনি বাস্তবতা, প্রস্তুতির অভাব, প্রেসের কাজ বন্ধ থাকা, মেলা শুরুর পরপরই পবিত্র রমজান মাস শুরু হওয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা।

প্রকাশকেরা জানান, করোনা মহামারির সময় থেকেই প্রকাশনা শিল্প বড় ধরনের ক্ষতির মধ্য দিয়ে যাচ্ছে। গত এক বছরের স্থবির অর্থনীতিতে বইয়ের বিক্রি একদমই হ্রাস পেয়েছে। এমন পরিস্থিতিতে নিশ্চিত লোকসানের মুখে বিপুল পরিচালন ব্যয়ের আর একটি মেলায় অংশ নিতে অধিকাংশ প্রকাশক সম্মত নন।