ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দেওয়া যাবে না : অর্থমন্ত্রী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০২:০৭ পিএম
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দেওয়া যাবে না। তিনি জোর দিয়ে বলেন, অর্থনীতিতে গণতন্ত্র ও সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে অফিস করতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের অবস্থা সন্তোষজনক নয়। তাই সবার আগে প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধারে পরিকল্পনা নিতে হবে। তিনি বলেন, প্রতিষ্ঠানে পেশাদারিত্ব প্রতিষ্ঠা, স্বচ্ছতা নিশ্চিত এবং দক্ষতা বৃদ্ধি করতে হবে। এসব উপাদান অনুপস্থিত থাকলে বড় কর্মসূচিও কাঙ্ক্ষিত ফল দেবে না।

পৃষ্ঠপোষকতার অর্থনীতি বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি সব মানুষের জন্য হতে হবে। সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে, যাতে প্রত্যেকে অর্থনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারে এবং এর সুফল ভোগ করতে পারে।

তিনি আরও বলেন, অর্থনীতিতে অতিরিক্ত নিয়ন্ত্রণ কমাতে হবে। বাংলাদেশ ইতোমধ্যে ওভার-রেগুলেটেড হয়ে গেছে। পৃষ্ঠপোষকতাভিত্তিক রাজনীতির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখন গুরুত্বের সঙ্গে ডিরেগুলেশন ও লিবারালাইজেশন করতে হবে।

অর্থমন্ত্রী জানান, অর্থনীতিতে নিয়ন্ত্রণ শিথিল করে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা হবে। এতে বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন এবং কর্মসংস্থান বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে নির্বাচিত হন আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বাণিজ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন।