প্রকৃত কৃষকরা যাতে প্রণোদনা, কৃষি ঋণসহ কৃষিবিষয়ক সহায়তা পায় সে বিষয়ে কাজ করতে হবে। কৃষক কার্ড দেওয়ার জন্য সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
মতবিনিময় সভায় কৃষিমন্ত্রী আমীন উর রশীদ বলেন, দেশের বিস্তীর্ণ চর এলাকায় মাটির গুণাগুণ ভালো। চরাঞ্চলে রপ্তানিমুখী অর্গানিক শস্য উৎপাদনের জন্য আদর্শ পরিবেশ বিদ্যমান। ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করতে হলে চরাঞ্চলের কৃষি উন্নয়নে প্রাধান্য দিতে হবে।
তিনি বলেন, কৃষিখাত শক্তিশালী হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। কৃষিখাতকে ঢেলে সাজানো হবে। সারের ব্যবহার কমানো, মাটির গুণাগুণ ঠিক করা, কৃষি সেচের খাল খননসহ বিবিধ বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে।


