পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে আজ রাত দেড়টার পর সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা হচ্ছেন। তিনি ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)–এর জরুরি বৈঠকে অংশ নেবেন।
আগামীকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জেদ্দায় অনুষ্ঠেয় মন্ত্রী পর্যায়ের বৈঠকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসন এবং ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপনের বিষয়টি গুরুত্ব পাবে। বৈঠকে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন এবং এর ফলে ফিলিস্তিনি ভূখণ্ডের আইনি ও রাজনৈতিক অবস্থার ওপর প্রভাব নিয়ে আলোচনা হবে। এসব পদক্ষেপ দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে—এ বিষয়েও সদস্যদেশগুলোর মতামত বিনিময় হবে।
সফরসঙ্গী হিসেবে জেদ্দায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। বৈঠকের ফাঁকে ওআইসিভুক্ত বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন ড. খলিলুর রহমান।
সৌদি সফর শেষে আগামী শনিবার তার দেশে ফেরার কথা রয়েছে। প্রথম বিদেশ সফর হিসেবে এ সফরকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

