মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনে ভ্রমণে শিক্ষার্থীরা ২৫ শতাংশ ভাড়া ছাড় পাবেন বলে ঘোষণা দিয়েছে সরকার। শিক্ষার্থীদের পাশাপাশি প্রবীণ ও প্রতিবন্ধী যাত্রীরাও এই সুবিধা পাবেন।
মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি।
মন্ত্রী জানান, যেসব নাগরিকের বয়স ৬৫ বছর বা তার বেশি, নিবন্ধিত প্রতিবন্ধী ব্যক্তি এবং স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই সুবিধার আওতায় আসবেন। ছাড় পেতে হলে যাত্রীদের নিজ নিজ পরিচয়পত্র—শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের আইডি কার্ড এবং প্রবীণ ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা প্রাসঙ্গিক সনদ—প্রদর্শন করতে হবে।
তিনি বলেন, আগামী কোরবানি ঈদের আগেই এ সিদ্ধান্ত কার্যকর করার লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে।
রবিউল আলম রবি বলেন, সরকার জনবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। বিশেষ করে শিক্ষার্থী ও প্রবীণ নাগরিকদের যাতায়াত সহজ ও সাশ্রয়ী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে নিয়মিত যাতায়াতকারীরা আর্থিকভাবে উপকৃত হবেন এবং গণপরিবহনের প্রতি আগ্রহ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
রেলের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, অতীতে বিপুল অর্থ ব্যয়ের পরও রেলখাতে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। ইঞ্জিনসংকট, ট্রেনের সময়সূচি ব্যাহত হওয়া, রক্ষণাবেক্ষণের ঘাটতি এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার মতো সমস্যাগুলো এখনও রয়ে গেছে। এসব সমস্যা সমাধানে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, বর্তমানে চালু থাকা ট্রেনগুলোর গতি বৃদ্ধি, যাত্রাসময় কমানো এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন রেললাইন, আধুনিক কোচ ও ইঞ্জিন সংযোজন এবং সিগন্যালিং ব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব প্রকল্প দ্রুত বাস্তবায়িত হলে রেলসেবা আরও আধুনিক, নির্ভরযোগ্য ও যাত্রীবান্ধব হবে বলে আশা করা হচ্ছে।


