ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈদে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট কাটতে আধা ঘণ্টায় ওয়েবসাইট-অ্যাপে ২০ লাখ হিট

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ১১:১৬ এএম
ঈদযাত্রা। ছবি : সংগৃহীত

ঈদুল ফিতর সামনে রেখে ঘরে ফেরা মানুষের জন্য বরাবরের মতো এবারও বাংলাদেশ রেলওয়ে আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে। এরই ধারাবাহিকতায় যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন চলছে বুধবার (৪ মার্চ)। আজ বিক্রি হচ্ছে ১৪ মার্চের ট্রেনযাত্রার টিকিট।

আজ সকাল ৮টা থেকে অনলাইনে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে ৩ মার্চ। এ ছাড়া ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।

চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে বলেও জানানো হয়েছে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

উল্লেখ্য, রেলওয়ে সূত্র জানিয়েছে, পশ্চিমাঞ্চল ট্রেনের টিকিট কাটতে সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত মাত্র আধা ঘণ্টায় রেলের ওয়েবসাইট ও অ্যাপে প্রায় ২০ লাখ হিট হয়েছে।