ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস) বা ভেপ পণ্যের ওপর আরোপিত নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম ট্রেডার্স অ্যাসোসিয়েশন (বেন্ডস্টা)।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।
বেন্ডস্টার সভাপতি সুমন জামান বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ অধ্যাদেশ-২০২৫–এ ভেপ পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপকে তারা নীতিগত বৈষম্য হিসেবে দেখছেন। তিনি জানান, বিষয়টি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন এবং আদালত ইতোমধ্যে প্রণীত অধ্যাদেশের ৬ (গ) ধারা সংবিধান পরিপন্থি বলে পর্যবেক্ষণ দিয়েছেন। পাশাপাশি বৈধভাবে আমদানিকৃত ভেপ পণ্য বাজেয়াপ্ত না করার নির্দেশনাও দিয়েছেন আদালত।
সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, বিশ্বের অধিকাংশ দেশ ইলেকট্রনিক নিকোটিন পণ্যকে সরাসরি নিষিদ্ধ না করে নিয়ন্ত্রিত কাঠামোর মাধ্যমে ব্যবস্থাপনা করছে। বাংলাদেশেও একই ধরনের বাস্তবসম্মত ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের আহ্বান জানান তারা।
সংগঠনটির দাবি, দেশে বর্তমানে প্রায় ১০ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ ইএনডিএস বা ভেপ ব্যবহার করেন। তাদের অনেকেই ধূমপানের ক্ষতি কমানো বা ধূমপান ত্যাগের উদ্দেশ্যে এই বিকল্প গ্রহণ করেছেন। এ অবস্থায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হলে বাজারটি কালোবাজারের হাতে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে। এতে মানহীন পণ্যের বিস্তার, কিশোরদের অনিয়ন্ত্রিত প্রবেশাধিকার এবং স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
বেন্ডস্টারের পক্ষ থেকে আরও বলা হয়, এই খাতের সঙ্গে জড়িত অর্থনৈতিক কার্যক্রমও ব্যাপক। সংগঠনটির অধীনে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান এবং ৬০০-এর বেশি চেইন স্টোর পরিচালিত হচ্ছে, যেখানে সহস্রাধিক শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের কর্মসংস্থান রয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর হলে উদ্যোক্তাদের বিনিয়োগ, ব্যাংকঋণ, ব্যবসায়িক দায় এবং কর্মচারীদের জীবিকা অনিশ্চয়তার মুখে পড়তে পারে।
সংগঠনটির নেতারা আরও বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামোগত সংস্কার কর্মপরিকল্পনার ২৬ নম্বর দফায় যুক্তরাজ্যের এনএইচএস মডেলভিত্তিক স্বাস্থ্যনীতি অনুসরণের কথা উল্লেখ রয়েছে। যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদি স্বাস্থ্য পরিকল্পনায় ধূমপায়ীদের জন্য ক্ষতি হ্রাস, ধূমপান ত্যাগে সহায়তা এবং প্রমাণভিত্তিক বিকল্প হিসেবে ভেপ ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সেই আলোকে ইএনডিএস পণ্যের ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞার পরিবর্তে নিয়ন্ত্রিত কাঠামো প্রণয়নকে অধিকতর বাস্তবসম্মত বলে মনে করছে বেন্ডস্টা।
সংবাদ সম্মেলনে বেন্ডস্টার সহসভাপতি আনিস খান, সাধারণ সম্পাদক রেজওয়ান আহমেদ এবং এজিএস তৌফিক আহমেদ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন