২০২৪ সালের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ কিশোরকে হাসপাতালে নেওয়ার ঘটনায় আলোচনায় আসা রিকশাচালক নূর মোহাম্মদ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছেন।
২০২৪ সালের গণঅভ্যুত্থানে গুলিতে নিহত হয় ১৭ বছর বয়সী গোলাম নাফিজ। সে রাজধানীর বনানী স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিল। পরিবারসহ তারা রাজধানীর মহাখালিতে বসবাস করত।
পরিবার ও স্বজনদের সূত্রে জানা যায়, আন্দোলনের সময় ৪ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে ফার্মগেট পথচারী সেতুর নিচে গুলিবিদ্ধ হয় নাফিজ। পরে পুলিশ তাকে রিকশাচালক নূর মোহাম্মদের রিকশায় তুলে দেয়। তখনও নাফিজ রিকশার রড শক্ত করে ধরে রেখেছিল।
নূর মোহাম্মদ তাকে নিয়ে ফার্মগেটের একটি হাসপাতালে ঢোকার চেষ্টা করলে বাধার মুখে পড়েন। পরে তিনি নাফিজকে নিয়ে খামারবাড়ির দিকে যান। সেখানে কয়েকজন এসে দ্রুত হাসপাতালে নেওয়ার কথা বলে তাকে একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়।
ঘটনার পর নূর মোহাম্মদ জানান, রিকশাটি তার নিজের ছিল এবং ওই দিন ফার্মগেট এলাকায় সহিংসতার মধ্যে তিনি ঘটনাক্রমে পড়ে যান। পরে এক পুলিশ সদস্য তাকে ডেকে নিয়ে গেলে অন্যরা তার রিকশায় আহত নাফিজকে তুলে দেয়।
পরে ৭ নভেম্বর নূর মোহাম্মদের সেই রিকশাটি এক ব্যবসায়ী তার কাছ থেকে ৩৫ হাজার টাকায় কিনে জাদুঘরে দেন।
রিকশাচালক নূর মোহাম্মদ বলেন, সংসদ অধিবেশনে আমন্ত্রণ পাওয়া তার জীবনের বড় প্রাপ্তি। বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হতে যাওয়া অধিবেশনে যোগ দেওয়ার জন্য তিনি আমন্ত্রণপত্র পেয়েছেন। এ জন্য তিনি জাতীয় সংসদ ভবন থেকে কার্ড সংগ্রহ করেছেন।
তবে তিনি নিজে পড়তে না পারায় কার্ডে কী লেখা আছে তা জানেন না। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা তাকে কার্ডটি যত্নে রাখার পরামর্শ দিয়েছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন