পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে ঘরমুখো যাত্রীদের যাতায়াত সহজ করতে বিশেষ নৌসেবা চালুর উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। আগামী ১৭ মার্চ থেকে ঢাকার দুটি ঘাট থেকে বিভিন্ন রুটে লঞ্চ ও স্টিমার চলাচল করবে।
বৃহস্পতিবার (১২ মার্চ) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকার শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট ও বসিলা লঞ্চঘাট থেকে নির্ধারিত কয়েকটি নৌরুটে যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।
এর মধ্যে কাঞ্চন সেতু সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া–ডেমরা–নারায়ণগঞ্জ–চাঁদপুর–কালিগঞ্জ–হিজলা–বরিশাল নৌরুটে নৌযান চলাচল করবে।
এ ছাড়া বসিলা সেতু সংলগ্ন বসিলা লঞ্চঘাট থেকে বসিলা–সদরঘাট–মুন্সিগঞ্জ–চাঁদপুর–ঈদগা ফেরিঘাট এবং শরীয়তপুর–ইলিশা–হাকিমুদ্দিন–গলাচিপা নৌরুটে লঞ্চ ও স্টিমার সার্ভিস চালু থাকবে।
ঈদযাত্রা নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। যাত্রীদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।
নৌপথে যাতায়াতকারী যাত্রীদের নির্ধারিত রুট ব্যবহার করে নিরাপদে ভ্রমণের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
কোনো জরুরি প্রয়োজনে বা সেবা–সংক্রান্ত তথ্যের জন্য বিআইডব্লিউটিএ'র হটলাইন এর হটলাইন নম্বর ১৬১১৩–এ যোগাযোগ করার জন্য যাত্রীদের অনুরোধ করা হয়েছে।

