ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তিন দেশে বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৮:৪২ পিএম
ছবি- সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরাইল যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশে ছুটিতে থাকা প্রবাসী কর্মীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে। এ প্রেক্ষাপটে কয়েকটি দেশ বাংলাদেশি কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক প্রবাসী কর্মী বাংলাদেশে ছুটিতে এসে আটকে পড়েছেন। এর ফলে তাদের অনেকের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে অথবা খুব শিগগিরই শেষ হওয়ার আশঙ্কা রয়েছে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশে গিয়ে ভিসা নবায়ন করা কঠিন হয়ে পড়ায় প্রবাসীদের সুবিধার্থে কয়েকটি দেশ বিশেষ উদ্যোগ নিয়েছে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং বাহরাইন থেকে বাংলাদেশে ছুটিতে আসা কর্মীদের ভিসা নবায়নের জন্য তাদের নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের সঙ্গে যোগাযোগ করতে হবে। এছাড়া প্রয়োজন অনুযায়ী অনলাইনেও আবেদন করার সুযোগ রয়েছে।

অন্যদিকে কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত সরকার ইতোমধ্যে যেসব এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে রয়েছে, সেগুলোর মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে আরও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী বাংলাদেশি কর্মীদের বর্তমান পরিস্থিতিতে সহায়তা দিতে এবং প্রয়োজনীয় করণীয় সম্পর্কে অবহিত করতেই এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।