কুমিল্লা ও হবিগঞ্জে ভয়াবহ দুর্ঘটনায় মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীর মাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি জীবন মূল্যবান। প্রতিটি মৃত্যুই অপূরণীয় ক্ষতি। আমি মহান আল্লাহর দরবারে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেইসঙ্গে হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।
তারেক রহমান আরও বলেন, জনগণের যাতায়াত নির্বিঘ্ন ও জননিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার বদ্ধপরিকর। এ বিষয়ে কোনো শৈথিল্য বরদাশত করা হবে না।
তিনি বলেন, রেলক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থা নিরাপদ করতে দুর্বলতাগুলো চিহ্নিত করে জরুরিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে।
সম্প্রতি বগুড়ায় ট্রেন দুর্ঘটনার পর শনিবার দিবাগত রাতে কুমিল্লায় রেল ক্রসিংয়ে ঢাকাগামী মেইল ট্রেনের সঙ্গে নোয়াখালীগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটির ১২ যাত্রী নিহত হন।
এছাড়া রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে ৪ জন নিহত হন। নিহতরা হলেন: পিকআপ চালক সুনামগঞ্জের শাল্লা উপজেলার ইব্রাহীম (৩৫), কিশোরগঞ্জের আছমা (৪০) ও শিশু সজিব (১২)। নিহত অপর এক পুরুষের পরিচয় এখনও জানা যায়নি।
প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই ঘটনার নেপথ্য কারণ অনুসন্ধান এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
কুমিল্লা রেলওয়ে কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি গঠন করেছে, পাশাপাশি জেলা প্রশাসনও একটি কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি কমিটি আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে। তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনায় দায়িত্বহীনতার প্রমাণ পাওয়া গেলে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও তিনি জানিয়েছেন।
এছাড়া, প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন এলাকায় দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, ‘দুর্ঘটনা যেমন দুঃখজনক, তেমনি এটি আমাদের মনে করিয়ে দেয় যে জনগণের নিরাপত্তা ও জীবন রক্ষার দায়িত্ব সরকারের কাছে কতটা গুরুত্বপূর্ণ।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন