স্বাধীনতা জাতি হিসেবে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ অর্জন বলে মন্তব্য করেছেন মো. সাহাবুদ্দিন। তিনি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইনসাফভিত্তিক, স্বনির্ভর ও নিরাপদ বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
বুধবার (২৫ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি দেশে ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতা আমাদের জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন। এই দিনে আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের, যাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-সহ সকল বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিত মা-বোন, জাতীয় নেতা ও সংগঠকদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ আমাদেরকে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রেরণা জোগায়। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং মানবিক মর্যাদা নিশ্চিত করা।
তিনি বলেন, রাষ্ট্র ও সমাজের সব ক্ষেত্রে সাম্য, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে স্বাধীনতার অপূর্ণ স্বপ্ন পূরণ করতে হবে। নতুন প্রজন্মের জন্য নিরাপদ, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা আমাদের দায়িত্ব।
রাষ্ট্রপতি আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও জ্বালানি পরিস্থিতির প্রভাব মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে। এ সময় জাতীয় ঐক্য, সহমর্মিতা ও দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরেন তিনি।
সবশেষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন রাষ্ট্রপতি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন