জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অনিয়ম প্রতিরোধে দেশের ৬২টি জেলায় ২৯৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৭৮টি মামলা দায়ের করা হয়েছে এবং মোট ৩ লাখ ১৫ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রটি জানায়, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এবং কোনো ধরনের অনিয়ম প্রতিরোধে এ অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, জ্বালানি বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ঢাকার বিভিন্ন এলাকায় প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। আগামীকাল (শনিবার) ঢাকা ও আশপাশের এলাকাতেও এ অভিযান অব্যাহত থাকবে।
কোথাও অনিয়ম দেখা গেলে বা সন্দেহ হলে ভিজিল্যান্স টিমের নির্ধারিত নম্বরে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন