প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া প্রায় ৩ দশমিক ৬২ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪ কোটি ৪৫ লাখ টাকা) দেশে ফিরিয়ে এনেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (২৯ মার্চ) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান এ তথ্য জানান।
তিনি বলেন, বহুল আলোচিত এমটিএফই (মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ) প্রতারণার মাধ্যমে পাচার হওয়া অর্থের একটি অংশ সফলভাবে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ পর্যন্ত ৪৪ কোটি টাকারও বেশি অর্থ উদ্ধার করে দেশে ফেরত আনা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছিল। দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে কাজ করছে সিআইডি। তাদের ধারাবাহিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এ অর্থ ফেরত আনা সম্ভব হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পাচার হওয়া বাকি অর্থ উদ্ধারে কার্যক্রম অব্যাহত রয়েছে। এ বিষয়ে তদন্তও চলমান।

