দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সরকার আগামী তিন মাসের জ্বালানি চাহিদা বিবেচনায় আগাম পরিকল্পনা গ্রহণ করেছে এবং বর্তমানে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদুল হাসান চাঁদ বাজার (পার্ক বাজার) পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সাশ্রয়ে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে সন্ধ্যা ৬টার মধ্যে বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের ব্যয় ৩০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনার সিদ্ধান্ত।
তিনি আরও বলেন, মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে দেশের বাস্তব উন্নয়ন চিত্র সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে। গত ১৭ বছরে উন্নয়নের যে প্রচার চালানো হয়েছে, বাস্তবে তার দৃশ্যমান অনেক ঘাটতি রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
টাঙ্গাইলের পার্ক বাজার এলাকার উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম জানান, বাজারের অবকাঠামো ও সংযোগ সড়ক উন্নয়নের জন্য জেলা স্থানীয় সরকার বিভাগ (ডিডিএলজি)-এর সঙ্গে আলোচনা করা হয়েছে। দ্রুতই এসব উন্নয়ন কাজ শুরু করা হবে বলে তিনি আশ্বাস দেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


