বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নির্ধারণে সরকারিভাবে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জরিপ অধিদপ্তর। এ লক্ষে সংস্থাটির একটি অভিজ্ঞ জরিপদল ৪ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত বান্দরবান জেলার রুমা উপজেলা ও থানচি উপজেলা এলাকায় অবস্থিত পাহাড়গুলো পরিমাপ করে সর্বোচ্চ শৃঙ্গের শীর্ষবিন্দু নির্ণয় করবে।
জানা গেছে, আধুনিক জিওডেটিক পদ্ধতি ও উন্নত গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম (জিএনএসএস) প্রযুক্তি ব্যবহার করে এই জরিপ কার্যক্রম পরিচালিত হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে দেশের সর্বোচ্চ শৃঙ্গের অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং গড় সমুদ্রতল থেকে উচ্চতা (এমএসএল) সেন্টিমিটার স্তরের নির্ভুলতায় নির্ধারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
জরিপ কার্যক্রমটি নেতৃত্ব দিচ্ছেন সার্ভেয়ার জেনারেল অব বাংলাদেশ ব্রিগেডিয়ার জেনারেল নুর-এ-আলম মোহাম্মদ যোবায়ের সারোয়ার। তার তত্ত্বাবধানে উপ-পরিচালক (জরিপ) (চলতি দায়িত্ব) দেবাশীষ সরকার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। জরিপ দলটি থানচি ও রুমা এলাকায় অবস্থান করে বিভিন্ন পাহাড়ের উচ্চতা পরিমাপ করবে।
এ কার্যক্রমে সদ্য প্রস্তুতকৃত জিওড মডেলের সহায়তায় জিএনএসএস রিসিভার থেকে প্রাপ্ত এলিপসয়েড উচ্চতা ব্যবহার করে পর্বতশৃঙ্গের প্রকৃত এমএসএল উচ্চতা নির্ভুলভাবে নির্ধারণ করা সম্ভব হবে। জরিপ দলটি দুর্গম এলাকা যেমন থানচি, রেমাক্রি, রুমা ও তিন্দুতে গিয়ে ডুয়াল ফ্রিকোয়েন্সি জিএনএসএস রিসিভার, আরটিকে রিসিভার, টোটাল স্টেশন, লেভেল মেশিন এবং জিএনএসএস সিওআরএসসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে।
এই জরিপের মাধ্যমে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে দীর্ঘদিন ধরে আলোচিত তাজিংডং, কেওক্রাডং না সাকা হাফং কোনটি প্রকৃতপক্ষে সর্বোচ্চ, তা নির্ধারণের মাধ্যমে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


