ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অনুমতি ছাড়া উড়ানোর অভিযোগে একটি ড্রোন জব্দ করেছে কর্তৃপক্ষ। রোববার (৫ এপ্রিল) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার রাত পৌনে ১০টার দিকে ভিআইপি এলাকায় অভিযান চালিয়ে ড্রোনটি জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের আগমন উপলক্ষে ভিআইপি পোল গেটের সামনে ভিডিও ধারণের সময় ড্রোনটি ব্যবহার করা হচ্ছিল।
বেবিচকের এক কর্মকর্তা জানান, জব্দ করা ড্রোনটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এবং তা যথাযথ অনুমতি ছাড়াই ওড়ানো হচ্ছিল।
ড্রোনটির মডেল ‘ডিজিআই ম্যাভিক-৪ প্রো’। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বিমানবন্দর এলাকায় এটি পরিচালনা করা হচ্ছিল, যা বিদ্যমান নীতিমালার লঙ্ঘন।
‘ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০’ অনুযায়ী বিমানবন্দর এলাকা ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত। এসব সংবেদনশীল এলাকায় বিশেষ অনুমতি ছাড়া ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।
বেবিচক জানিয়েছে, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অননুমোদিত কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভবিষ্যতে বিমানবন্দরসহ সংবেদনশীল এলাকায় ড্রোন ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধি-বিধান মেনে চলার আহ্বান জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন