ঢাকার আশুলিয়ায় দিনদুপুরে দুই ব্যবসায়ীকে গুলি করে নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে আশুলিয়ার জামগড়া ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। তবে, গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) সিসিটিভি ফুটেজ ভাইরাল হলে বিষয়টি সামনে আসে।
গুলিবিদ্ধ দুজন হলেন- সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বাসিন্দা ও পোশাক কারখানার সাব-কন্ট্রাক্টর মো. আল আমিন (৩০) এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার বাসিন্দা মো. পারভেজ (২২)। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহতদের স্বজনরা জানান, সকালে নাশতা শেষে তারা মালামাল কেনার উদ্দেশ্যে ঢাকার চকবাজারের দিকে রওনা হন। জামগড়া ঈদগাহ মাঠ এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চারজন হেলমেটধারী ছিনতাইকারী তাদের পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা আল আমিনের পেটের বাম পাশে এবং পারভেজের বাম হাতের কনুইতে গুলি করে। পরে তাদের কাছে থাকা নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
বৃহস্পতিবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি মোটরসাইকেলে আসা চারজন ব্যক্তি সড়কের পাশে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করছে। পরে তাদের মধ্যে দুজন একজনের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার পর ঘটনাস্থলেই পিস্তল উঁচিয়ে গুলি করে। আতঙ্কিত ওই ব্যক্তি দৌড়ে পালাতে চেষ্টা করলে তাকে লক্ষ্য করে আরও একটি গুলি ছোড়া হয়। এ সময় অন্য একজনকে পিস্তল হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে প্রথমে একটি ক্লিনিকে এবং পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ইনচার্জ এসআই ফারুক জানান, গুলিবিদ্ধ দুই যুবক চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
অন্যদিকে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। কারা এ ঘটনা ঘটিয়েছে এবং কারা আহত হয়েছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন