অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা বিভিন্ন অধ্যাদেশকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আরও ১০টি বিল সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের সকালের বৈঠকে এসব বিল উত্থাপন করা হয়। দফাওয়ারী কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় বিলগুলো নিয়ে আলাদা আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সেগুলো কণ্ঠভোটে পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদ সূত্রে জানা যায়, অন্তর্বর্তীকালীন সময়ে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করেছে। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি নতুন করে শক্তিশালী আইন আকারে প্রণয়নের সুপারিশ করা হয়েছে।
আজকের অধিবেশনে পাস হওয়া বিলগুলোর ক্ষেত্রে বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী সেগুলো অপরিবর্তিতভাবে গ্রহণ করা হয়।
পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে একাধিক উন্নয়ন কর্তৃপক্ষ সংক্রান্ত বিল। এর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) বিল, ২০২৬ পাসের প্রস্তাব উত্থাপন করেন, যা সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল, ২০২৬ পাসের প্রস্তাব উত্থাপন করেন।
এছাড়া অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী তিনটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিল উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে আমানত সুরক্ষা বিল, ২০২৬; এক্সাইজেস অ্যান্ড সল্ট বিল, ২০২৬; এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬। এসব বিলও সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়।
সরকারের ভাষ্য অনুযায়ী, এসব আইন প্রশাসনিক কাঠামো শক্তিশালীকরণ, রাজস্ব ব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় উন্নয়ন কর্তৃপক্ষকে আরও কার্যকর করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন