× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শাহীনুর ইসলাম শানু 

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৫:২৬ এএম

বৈশ্বিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জে শিল্প খাত

শাহীনুর ইসলাম শানু 

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৫:২৬ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী ১১ জুন বিএনপি সরকার প্রথম বাজেট উপস্থাপন করতে যাচ্ছে। জাতীয় সংসদ ভবনে আগামী ২০২৬-২৭ অর্থবছরের এই বাজেট উপস্থাপন করা হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধকে ঘিরে বৈশ্বিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে পড়েছেন শিল্প খাতের উদ্যোক্তারা। 

তাই ব্যবসা টিকিয়ে রাখা এবং নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে বাস্তবসম্মত ও সহায়ক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন ব্যাবসায়িক নেতারা। একই সঙ্গে নতুন করে করারোপ থেকে রেহাই পেতে সরকারকে অনুরোধ করেছেন। 

এদিকে, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বর্তমানে দেশের অর্থনীতি একটি অত্যন্ত নাজুক বা খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, যা বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। বর্তমানে দেশ একটি ত্রিমুখী চ্যালেঞ্জের সম্মুখীন, যার মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে জ্বালানি তেলের অতিরিক্ত দাম একটি বড় সমস্যা। এই পরিস্থিতি মোকাবিলায় রিসোর্স মোবিলাইজেশন বা সম্পদ আহরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।’

তবে ‘সরকার টাকা নতুন করে ছাপিয়ে বাজার সচল করার পক্ষে নয়’ বলে জানান অর্থমন্ত্রী। 

বাজেট ঘিরে ব্যবসায়ীরা বলেছেন, আগামী অর্থবছরের ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার জাতীয় বাজেটে উৎপাদন খরচ কমানো ও করব্যবস্থা সহজীকরণ করা দরকার। স্বল্প সুদে অর্থায়নের ওপর গুরুত্ব দিতে সরকারকে অনুরোধ করা হয়েছে। কেননা বৈশ্বিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে এই খাতকে স্থিতিশীল করতে এই ধরনের পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তারা বলেন, কোভিড-১৯ মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক বাণিজ্য অস্থিরতা, ট্রাম্প আমলের শুল্ক, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মতো বেশ কিছু ধাক্কার সম্মুখীন হয়েছে দেশের শিল্প খাত। বৈশ্বিক চাহিদা কমে যাওয়ায় বিশেষ করে রপ্তানিমুখী খাতগুলোতে আর্থিক চাপ আরও বেড়েছে। তাই বাজেটে নতুন করারোপ থেকে তারা অব্যাহতি চান।

সমন্বিত ও দূরদর্শী বাজেট ছাড়া দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতার সম্ভাবনা অনিশ্চিত বলেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি বলেন, ‘গত ছয় বছরে শ্রমিকদের মজুরি প্রায় ৯৫ শতাংশ বেড়েছে। একইভাবে জ্বালানির দাম প্রায় ১৮০ শতাংশ এবং বিদ্যুতের দাম ৫০ শতাংশ বেড়েছে। একই সময়ে, অর্থায়নের খরচ বর্তমানে ১৪-১৫ শতাংশে দাঁড়িয়েছে এবং পরিবহন খরচ প্রায় দ্বিগুণ হয়েছে।’

মোহাম্মদ হাতেম আরও বলেন, ‘এখন নতুন সমস্যা আবির্ভূত হয়েছে, তাই শিল্পগুলো টিকিয়ে রাখাই এখন বড় চ্যালেঞ্জ। তাই আমরা আশা করছি, বাজেটে উৎপাদন খরচ কমানো, কর রেয়াত প্রদান এবং নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করার ব্যবস্থা রাখবে সরকার।’

২০২৬-২৭ অর্থবছরের জন্য বড় জাতীয় বাজেট প্রণয়ন করতে যাচ্ছে সরকার। বাজেটের আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা হতে পারে। যা চলতি অর্থবছরের ৭,৯৭,০০০ কোটি টাকার তুলনায় প্রায় ১ লাখ কোটি টাকা বা ১২.৫ শতাংশ বেশি।

বাংলাদেশের অর্থনীতিতে শিল্প খাতের অবদান প্রায় ৩৫-৩৭ শতাংশ এবং মোট কর্মসংস্থানের ২০-২৫ শতাংশ এই খাতের মাধ্যমে হয়। যা সরাসরি প্রায় ১.৫ থেকে ২ কোটি মানুষের জীবিকা নির্বাহে সহায়তা করে। 

বৈশ্বিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ সম্পর্কে টি কে গ্রুপের পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার বলেন, ‘একটি কর ও শুল্ক নীতি প্রয়োজন যা কেবল রাজস্ব সংগ্রহের দিকেই নজর দেবে না, বরং উৎপাদন ও বিনিয়োগকেও সুরক্ষা দেবে।’ তবে তিনি ক্রমবর্ধমান উৎপাদন খরচ এবং জ্বালানি সংকটকে ব্যবসায়ীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন।

এই প্রেক্ষাপটে তিনি কাঁচামাল আমদানির ওপর অগ্রিম কর (আইটি) এবং অগ্রিম আয়কর (এআইটি) সংস্কার বা কমানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বর্তমানে আমদানি পর্যায়ে কর হিসেবে বিপুল পরিমাণ অর্থ আটকে থাকে এবং রিফান্ড পেতে দীর্ঘ সময় লাগে, যা শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য চলতি মূলধনের সংকট তৈরি করছে। 

ব্যবসায়ী নেতারা করব্যবস্থাকে আধুনিকায়নের ওপরও জোর দিয়েছেন। তারা বলেন, কর প্রদানের পূর্ণ ডিজিটালকরণ এবং স্বয়ংক্রিয়করণ হলে হয়রানি কমবে এবং ব্যবসা করার খরচও কমবে। তারা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) জন্য করমুক্ত আয়ের সীমা বাড়ানো এবং ভ্যাট প্রক্রিয়া সহজ করার জন্য সরকারকে অনুরোধ করেছেন। এ ছাড়া উদ্যোক্তারা হঠাৎ করে ট্যাক্স হলিডে বা কর অবকাশ সুবিধা প্রত্যাহারের পরিবর্তে ধীরে ধীরে তা কমিয়ে আনার প্রস্তাব দিয়েছেন।

জানতে চাইলে শাশা ডেনিমসের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ বলেন, ‘উচ্চমূল্যস্ফীতির কারণে পণ্যের দাম বাড়ানো সম্ভব হচ্ছে না। ফলে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। ফলে স্বল্পমেয়াদি এবং উচ্চ সুদের ঋণ অনেক ব্যবসার জন্য ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে’ বলেন তিনি।

তাই আগামী ২০২৬-২৭ অর্থবছরের বিএনপি সরকারের প্রথম বাজেটে অভ্যন্তরীণ ও বৈশিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে সরকারের সহযোগিতা দাবি করেন ব্যবসায়ীরা।  
 

রূপালী বাংলাদেশ

Link copied!