ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দিনের আকাশে জিলকদের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৭:৩৯ পিএম
প্রতীকী ছবি (সংগৃহীত)

সংযুক্ত আরব আমিরাতের আকাশে দিনের আলোতেই নতুন চাঁদের দেখা মিলেছে যা জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিতে বেশ বিরল ঘটনা। এই চাঁদ দেখার মধ্য দিয়ে হিজরি ১৪৪৭ সালের জিলকদ মাসের সূচনা হয়েছে। একই সঙ্গে এই পর্যবেক্ষণকে ভিত্তি করে আসন্ন জিলহজ মাস ও পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য সময়সূচি নিয়েও ধারণা দিয়েছেন বিশেষজ্ঞরা।

স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) সকাল প্রায় ১০টার দিকে চাঁদের এই ছবি ধারণ করা হয়। পর্যবেক্ষণ তথ্য অনুযায়ী, তখন চাঁদের বয়স ছিল প্রায় ১৬ দশমিক ৫ ঘণ্টা এবং সূর্য থেকে এর কৌণিক দূরত্ব ছিল প্রায় ১১ দশমিক ৭ ডিগ্রি।

এই বিরল দৃশ্য ধারণ করেন জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আওদা। তার সঙ্গে পর্যবেক্ষণ কার্যক্রমে অংশ নেন গবেষক খালফান আল নাইমি, ওসামা ঘানিম এবং আনাস মুহাম্মদ। নতুন চাঁদ দেখা যাওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে ঈদুল আজহাকে ঘিরে প্রস্তুতির আলোচনা শুরু হয়েছে।

এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২০২৬ সালে ঈদুল আজহা ২৭ মে (বুধবার) পালিত হতে পারে। সে হিসেবে হজের গুরুত্বপূর্ণ দিন আরাফাত হতে পারে ২৬ মে (মঙ্গলবার)।

তবে ইসলামী বিধান অনুযায়ী, জিলহজ মাসের চাঁদ দেখার ওপরই ঈদের চূড়ান্ত তারিখ নির্ভর করবে। তবুও বর্তমান হিসাব অনুযায়ী মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদকে ঘিরে দীর্ঘ ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে।

সাধারণত আরাফাত দিবস ও ঈদুল আজহা উপলক্ষে চার দিনের সরকারি ছুটি দেওয়া হয়। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হলে মোট ছুটির সময়সীমা আরও দীর্ঘ হয়ে প্রায় নয় দিনে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশে সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর চাঁদ দেখা যায়। ফলে ধর্মীয় উৎসবগুলোও সে অনুযায়ী একদিন পরে উদযাপিত হয়।